১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

নীলফামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

তিনি লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

নীলফামারীতে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

গ্রেপ্তার আমিনুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Oct 2026, 09:18 PM

Updated : 10 Oct 2026, 09:18 PM

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার দুপুরে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছেন নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান।

গ্রেপ্তার আমিনুর রহমান (৬২) ওই ইউনিয়নের কচুয়া গ্রামের প্রয়াত ওসমান গণির ছেলে এবং লক্ষ্মীচাপ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মামলা থেকে জানা গেছে, ২০২৫ সালের ১৩ ডিসেম্বর রাতে সদর উপজেলার গোড়াগ্রাম ইউনিয়নের হাজীগঞ্জ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গোপন বৈঠক ও লিফলেট বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ অজ্ঞাত পরিচয়দের আসামি করা হয়। সেই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান আমিনুরকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান ওসি জিল্লুর রহমান।