সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগের ৪ নেতাকর্মী কারাগারে
নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর ও সলঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান।
এর আগে সোমবার রাতে আলাদা অভিযানে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- শহরের দিয়ারধানগড়া মহল্লার বাচ্চু সেখের ছেলে ও ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সাদ্দাম হোসেন (২২), সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ মধ্যপাড়ার নুর হোসেন সেখের ছেলে ছাত্রলীগ কর্মী আশিক হোসেন (৩৯), কড্ডা কৃষ্ণপুর গ্রামের হযরত আলীর ছেলে ছাত্রলীগ কর্মী ইমরুল কায়েস (১৯) এবং রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা (৫০)।
ওসি রাকিবুল হাসান বলেন, “নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে অভিযান চালিয়ে ছাত্রলীগের সাদ্দাম হোসেন, আশিক হোসেন ও ইমরুল কায়েসকে আটক করা হয়।
একই রাতে সলঙ্গার নাইমুড়ি বটতলা এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি বাদশাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সলঙ্গা থানার ওসি আসলাম আলী।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এদিন দুপুরে চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
