বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।
যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আজিজুল ইসলামকে ঢাকার মোহাম্মদপুর থানায় করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের এসআই মো. খায়ের উদ্দিন ভুঁইয়া তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির পক্ষে আইনজীবী কায়েস আহমেদ অনর্ব জামিন চেয়ে শুনানি করেন। শুনানি নিয়ে আদালত জামিন আবেদন নাকচ করে আদেশ দিয়েছে।
মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে সোমবার বিকালে আজিজুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশের তেজগাঁও জোনের একটি দল।
মামলার বিবরণে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত ৮টার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ তিন রাস্তা এলাকায় ‘নাশকতার জন্য’ আসামিরা জড়ো হন। গোপন খবরে সেখানে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করে। এক আসামির কাছ থেকে ককটেল তৈরির উপাদান জব্দের কথা জানায় পুলিশ।
এ ঘটনায় পরে মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়।
