০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের এই নেতাদের বৃহস্পতিবার রাজধানীর মতিঝিল থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সন্ত্রাসবিরোধী মামলায় গোপালগঞ্জের সাবেক ৩ ইউপি চেয়ারম্যান কারাগারে

এম সুপারুল আলম (টিকে), এম এম মনির আহমেদ (ননী) ও শরীফ আমিনুল হক লাচ্চু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Nov 2026, 03:54 PM

Updated : 06 Nov 2026, 03:54 PM

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গোপালগঞ্জের তিনজন সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে কারাগারে পাঠানো হয়েছে। তারা কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতা।

জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার বিকালে রাজধানীর মতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করে রাতে গোপালগঞ্জে নিয়ে আসে।

পরে শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন গোপালগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে), বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এম মনির আহমেদ (ননী) এবং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু।

ওসি আমিনুল বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় রাজনৈতিক ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকার মতিঝিল এলাকায় আত্মগোপনে ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে গোপালগঞ্জ ডিবি পুলিশের একটি বিশেষ দল মতিঝিল থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।