২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

বরিশালে পূজার ‘দাওয়াতে’ এসে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Oct 2026, 10:07 PM

Updated : 26 Oct 2026, 10:17 PM

বরিশালের গৌরনদীত উপজেলায় লক্ষ্মীপূজার ‘দাওয়াতে’ এসে আটক হয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মী।

আটকের পরদিন সোমবার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল।

রোববার সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করে পুলিশ।

কারাগারে যাওয়ারা হলেন- সৈকত গুহ পিকলুর ছোট ভাই ও উপজেলা যুবলীগের সাবেক সদস্য সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মহিবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার এবং পৌর ছাত্রলীগের সদস্য সজিব সরদার।

ওসি তারিক হাসান রাসেল বলেন, নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতাকর্মী গোপন বৈঠক করছেন-এমন খবর পেয়ে পুলিশ বিল্লগ্রাম এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি ও দলীয় কার্যক্রম চালুর পরিকল্পনার অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গৌরনদী মডেল থানার এসআই মো. পারভেজ আহমেদ সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছেন। মামলায় আটক সাতজন ছাড়াও অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

আদালতের এসআই এনামুল হক বলেন, সাতজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তবে সৈকত গুহ পিকলুর দাবি, তার বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। সেখানে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক তাঁদের বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। পরে পূজার দাওয়াতে আসা ছয়জন ও তার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন তারা।

ওসি তারিক হাসান রাসেল বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।