‘আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার’: পুলিশের সঙ্গে ‘সন্ত্রাসী’ রায়হানের ফোনালাপ
“মাঝখানে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম, কিন্তু ওই মাসুদ স্যারের সাথে কথা বলছিলাম যে… এটা লিক হয়ে গেছে।”
যাকে ধরতে গলদঘর্ম চট্টগ্রামের পুলিশ, সেই ‘অধরা সন্ত্রাসী’ রায়হান এবার আত্মসমর্পণের করে ‘ভালো হওয়ার’ কথা শোনালেন।
বুধবার নিজের ফেইসবুকে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে কথোপকথনের একটি অডিও পোস্ট করে তিনি আত্মসমর্পণের ইঙ্গিত দেন।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজের প্রশংসা করে রায়হান লিখেছেন, “স্যার কিন্ত ভালো মনের মানুষ উনার সাথে কথা বলে একটু ভালো লাগছে, দেখা যাক উনার হাত ধরে ভিতরে গিয়ে ভালো হয়ে যাবো।”
রায়হানের সঙ্গে ফোনে আলাপ হওয়ার কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুইদিন তাকে ধরতে ফটিকছড়িতে যখন আমাদের অভিযান চলছিল, এর মধ্যে গতকাল (মঙ্গলবার) ভোরে সে আমাকে ফোন করেছিল। আমিও কৌশল অবলম্বন করে তার সাথে কথা বলেছি।”
প্রায় ১০ মিনিটের কথোপকথনের এ অডিওতে পুলিশ কর্মকর্তা তারেক আজিজের সঙ্গে রায়হানকে ‘খুনসুঁটি’ করে কথা বলতে শোনা যায়। আবার আত্মসমর্পণের জন্য নিজেকে প্রস্তুত করার কথাও বলতে শোনা গেছে।
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ ফোনালাপে রায়হানকে আত্মসমর্পণের অনুরোধ জানান।
তখন রায়হান বলেন, “আচ্ছা, আচ্ছা, ঠিক আছে—আমি চিন্তা করে দেখব। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমিও চাই। ভালো হয়ে যাব। একটু সময় লাগতেছে…
“আত্মসমর্পণ করব ভাই, আমার ইচ্ছা আছে আত্মসমর্পণ করার, কিন্তু মাঝখানে আমি আত্মসমর্পণ করতে চাইছিলাম। কিন্তু ওই মাসুদ স্যারের সাথে কথা বলছিলাম যে…এটা লিক হয়ে গেছে। পরে ভাই আমার থেকে আর্মস টার্সন নিয়ে ফেলেছিল। ঝামেলা হইছে আমার সাথে অনেক।”
এসময় রায়হানকে পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “আপনি যতদিন বাইরে থাকবেন, আপনার কষ্ট হবে। আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।”
জবাবে রায়হান বলেন, “প্রচুর কষ্ট ভাই, প্রচুর কষ্ট।”
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “এইজন্য বললাম—আপনি আসেন, আপনি আত্মসমর্পণ করেন।”
রায়হান বলেন, “এখন ঢুকলে ভাই বাইরে তো আর হমু না তো আট-দশ বছর, আমারে বাইরে দেবে না কেউ। বিএনপি মামলা দেবে, আওয়ামী লীগ আসলে তারা মামলা দেবে।”
পুলিশ কর্মকর্তা তারেক বলেন, “ভালো থাকবেন…ভালো থাকবেন…”
তখন রায়হান বলেন, “ইনশাল্লাহ ভাই দোয়া করেন, আমি ভবিষ্যতে আত্মসমর্পণ করব।”
তারেক আজিজ বলেন, “এই জীবন আসলে কোনো জীবন না।”
জবাবে রায়হান বলেন, “না না ভাই আমি এ পথের নাকি, এ লাইনের নাকি ভাই?...আমি সিগারেট খাই না জানেন না? আপনাদেরতো খবর আছে।”
এসময় রায়হানকে সোমবার রাতে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁও হাটে গুলিতে আহত পথচারীদেরও খবর নিতে শোনা যায়।
রায়হান পুলিশ কর্মকর্তা তারেক আজিজের কাছে জানতে চান, “লোক যেগুলো গুলি খাইছে, এরে কি ক্ষতি হয়েছে বেশি?”
তখন তারেক আজিজ বলেন, “ক্ষতিতো হয়েছে।”
রায়হান বলেন, “এদের কি দরকার রাস্তার ওপর পড়ার! আমি বুঝলাম না…কী হয়েছে আমি নিজেও জানি না, কীভাবে কেমনে কী হলো।
“ঠিক আছে ভালো থাকিয়েন… দোয়া করি, টেনশন করিয়েন না। ইনশাআল্লাহ আত্মসমর্পণ করব সামনে।”
এসময় আত্মসমর্পণের অনুরোধ করে তারেক আজিজ বলেন, “আজকে যদি আত্মসমর্পণ করে যতটুকুর সাথে জড়িত ততটুকু আমরা…”
রায়হান বলেন, “এটা তো স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাব বলছে কথা আমাদের যে কোনো একটা ভাইয়াকে… স্যারেন্ডার এগুলো সেইম…এখন সারেন্ডার করলে আমারে মামলা ঢুকাই দেব বেশি—বিএনপি, আবার আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ দিবে… আমি কোন পথে যামু?”
তারেক আজিজের অনুরোধের একপর্যায়ে রায়হান তাকে বলেন, “আজকে তো আমি নাই হয়ে গেছি ভাই। আজকে তো জীবনেও পাবেন না আপনারা, চ্যালেঞ্জ দিলাম…আপনারা পাবেন না আজকে আমাদের।”
এসময় রায়হানক তিনদিন আগে বিদেশ থেকে পাঠানো তার আইফোন হারিয়ে যাওয়ার কথাও বলেন।
বারবার অনুরোধের একপর্যায়ে রায়হান বলেন, “ভাই নাস্তা করার ইচ্ছা আছে আপনাদের সাথে একসময়। যদি স্বাভাবিক হই, আপনাদের সাথে এক টেবিলে বসে নাস্তা করবো। ঠিক আছে ভাই ভালো থাকিয়েন, যাক কষ্ট করছেন…
“হায়রে ভাই এখন আমি আত্মসমর্পণ করলে আমারে বিএনপি মামলা দিব, আওয়ামী লীগ মামলা দিব—আমি যামু কই? আমি তো মানুষ।”
এসময় তারেক আজিজ বলেন, “আপনারে কথা দিলাম আজকে যদি আপনি আত্মসমর্পন করেন আপনার যে ঘটনাগুলো আছে তার বাইরে কোনো মামলা হবে না। আপনাকে কথা দিলাম…”
রায়হান বলেন, “ইনশাল্লাহ ভাই, দেখা যাক করব। তবে ভাই আমার দ্বারা তো গরিব লোকের বা অসহায়দের কোনো ক্ষতি হচ্ছে না, আমারে কেন নিয়া লাগছেন সবাই?”
পুলিশ কর্মকর্তা তারেক আজিজ বলেন, “আজকে তিনটা লোক শুধু শুধু গুলি খাইলো না?”
তখন রায়হান বলেন, “এরা কেন আমার রাস্তা আটকাইছে? আমি তো গেছি মাজারে জিয়ারত করতে। তাইলে এরা কেন আমার আগে পরে?”
এসময় পুলিশ কর্মকর্তা তারেক আজিজ রোববার রাতে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে আফসার নামে একজনের গুলিবিদ্ধ হওয়ার প্রসঙ্গ তোলেন।
তখন রায়হান ওই ঘটনার সঙ্গে তা কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।
গত সোমবার রাতে রায়হান ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের অবস্থান করছে জেনে পুলিশ সেখানে অভিযান চালায়। রাতে একটি অটোরিকশা ও বাইকে করে দলবল নিয়ে রায়হান যাওয়ার সময় তাকে স্থানীয়রা ধাওয়া করে। এসময় অটোরিকশা থেকে গুলি করলে তিন গ্রামবাসী আহত হয়।
মঙ্গলবার দুপুরে রায়হান ফেইসবুকে পোস্টে এ ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আহতদের চিকিৎসায় টাকা লাগলে তাকে বার্তা দেওয়ার অনুরোধ করেন।
এর আগে রায়হানের সহযোগী ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর গত ৩০ জুলাই সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি বাড়িতে ছিলেন রায়হান। ২৯ জুলাই পুলিশের অভিযানে ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান।
বিভিন্ন সময়ে তাকে ধরতে অভিযানে গেলেও অধরা থেকে যায় রায়হান।
গত বছরের এপ্রিলে রাউজানের গাজীরপাড়া এলাকায় রায়হানকে ধরতে অভিযানে যায় চট্টগ্রাম নগর পুলিশের একটি দল। রায়হান সেই এলাকায় অবস্থানের বিষয়টি পুলিশকে স্থানীয় যুবদল কর্মী ইব্রাহীম জানিয়েছিলেন বলে রায়হানের সন্দেহ। এর ‘বদলা’ নিতে পরদিন দলবল নিয়ে সেখানে হাজির হন রায়হান। গুলি করে খুন করা হয় ইব্রাহীমকে।
