২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফটিকছড়িতে গুলি: সম্পৃক্ততার কথা স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের

“যারা গুলি খেয়েছেন, ভয় পাওয়ার কারণ নেই; আপনাদের সাথে আমার ঝামেলা ওখানেই শেষ।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 03:15 PM

Updated : 24 Nov 2026, 03:15 PM

চট্টগ্রামের ফটিকছড়িতে এলোপাথারি গুলির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা জানিয়ে আহতদের সহায়তার আশ্বাস দিয়েছেন রায়হান আলম, যার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ নানা অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে ফেইসবুক পোস্টে তিনি বলেছেন, সোমবার রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজি করে বের হওয়ার সময় আওয়ামীপন্থি মনে করে স্থানীয় কিছু বিএনপি নেতা গাড়ি আটকানোর চেষ্টা করেন।

‘নিজের আত্মরক্ষায় গুলি চালাতে বাধ্য হয়েছিলেন’ এবং আটকানোর চেষ্টা করা লোকদের সঙ্গে নিজের কোনো বিরোধ নেই বলে দাবি করেছেন রায়হান।

তিনি লিখেছেন, “শান্তভাবে যাচ্ছিলাম রাস্তা আটকাবি কেন? যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সাথে আমার ঝামেলা ওখানেই শেষ। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে ভেতরে কে আছে সে খোঁজও খবর নিও।”

আহতদের মধ্যে অসহায় কেউ থাকলে আর্থিক সহায়তার জন্য ‘ইনবক্সে’ বার্তা দিতে বলেন তিনি।

ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় সোমবার রাতে সিএনজির অটোরিকশা থেকে সন্ত্রাসীদের এলোপাথারি গুলিতে আহত হন তিন পথচারী।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “পুলিশি তৎপরতা টের পেয়ে রায়হান সোমবার রাতে বাইক ও অটোরিকশা করে সেখান থেকে দলবল ফটিকছড়ি সদরের দিকে রওনা করে।

“চুরখাঁর বাজারের কাছে বাইকে থাকা রায়হানকে স্থানীয় লোকজন চিনতে পেরে আটকানোর চেষ্টা করে। এসময় পেছনে থাকা অটোরিকশা থেকে গুলি করা হয়।”

পুরনো খবর:

ফটিকছড়িতে এলোপাতাড়ি গুলি: পুলিশের সন্দেহ ‘অধরা’ রায়হানের দিকে