ভিয়েতনামের হ্যানয়ে বিস্ফোরণে নিহত ৬
হ্যানয়ের ডং ডা সড়কের একটি খাবারের দোকানে বিস্ফোরণটি ঘটে।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ের ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয় জন নিহত হয়েছেন।
মঙ্গলবারের এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ ও দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।
ভিয়েতনামের অনলাইন সংবাদপত্র ভিএনএক্সপ্রেস এর বরাতে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৮টায় হ্যানয়ের ডং ডা সড়কের একটি খাবারের দোকানে বিস্ফোরণটি ঘটে। এতে ভবনটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের ভবনের জানালাগুলোও ভেঙে পড়ে।
দেশটির জনসুরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক পর্যালোচনায় দেখা গেছে বিস্ফোরণটি রান্নার গ্যাসের সঙ্গে সম্পর্কিত। দমকল ও উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
আহতদের চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালগুলোতে নেওয়া হয়।
