শত্রুদের ক্ষমা করার চেয়ে নরকে যাওয়াও ভাল: ‘সিক্সটি মিনিটস’-এর সাক্ষাৎকারে ট্রাম্প
সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে রাজনৈতিক বিপর্যয় থেকে শুরু করে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ইরান যুদ্ধ, উত্তরসূরি নির্বাচন ও পরিবারের বিতর্কিত ব্যবসা নিয়েও কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে রিপাবলিকান পার্টির ঐতিহাসিক পরাজয়ের পর নিজের সবচেয়ে বিস্তৃত মূল্যায়নে খোলামেলা কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
রোববার সন্ধ্যায় প্রচারিত সিবিএস টেলিভিশনের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাজনৈতিক বিপর্যয় থেকে শুরু করে ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাস, ইরান যুদ্ধ, উত্তরসূরি নির্বাচন ও পরিবারের বিতর্কিত ব্যবসা নিয়ে কথা বলেন তিনি।
এই সাক্ষাৎকারেই ট্রাম্প জানিয়েছেন যে, স্বর্গে যাওয়ার শর্ত হলেও তিনি তার রাজনৈতিক শত্রুদের কোনোভাবেই ক্ষমা করবেন না।
জনপ্রিয়তায় রেকর্ড ধসের মুখে থাকার পরও মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের জন্য কোনও ব্যক্তিগত দায় নেননি ট্রাম্প। তার দাবি, রিপাবলিকান প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে ভোটে রূপান্তর করতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
আইনসভার নিয়ন্ত্রণ যখন ডেমোক্র্যাটদের হাতে যাচ্ছে, তখন পরাজয়ের কারণ হিসেবে ইরান যুদ্ধ এবং দলের দুর্বল বার্তা প্রদানকে (ব্যাড মেসেজিং) সামনে আনলেও অধিকাংশ বিষয়ে কোনও আপস না করার মনোভাব স্পষ্ট করেছেন ট্রাম্প।
‘মৃত্যুর পরও শত্রুদের ক্ষমা করব না’
সাংবাদিক রস ডাউথাটের নেওয়া সাক্ষাৎকারটির সবচেয়ে আলোচিত অংশ ছিল ব্যক্তিগত শত্রুতা ও ক্ষমার প্রশ্নটি। ঈশ্বরের কাছে চূড়ান্ত বিচারের মুখোমুখি হওয়ার প্রাক্কালে শত্রুদের (যাদেরকে ট্রাম্প শত্রু বলে মনে করেন) ক্ষমা করবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান, তিনি কখনও তা পারবেন না।
অনুষ্ঠানের উপস্থাপক ও সাংবাদিক রস ডাউথ্যাট ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, মৃত্যুর পর তার কী হবে? জবাবে ট্রাম্প বলেন, তিনি একজন ধার্মিক মানুষ এবং তাত্ত্বিকভাবে তিনি স্বর্গে যাবেন।
এরপর সাংবাদিক তাকে একটি কাল্পনিক পরিস্থিতির কথা বলেন: “ধরা যাক আপনি মারা গেলেন এবং পরকালে প্রবেশ করছেন। স্বর্গে যাওয়ার জন্য আপনাকে শুধু ন্যান্সি পেলোসি কিংবা জেমস কোমির মতো রাজনৈতিক শত্রুদের ক্ষমা করতে হবে। আপনি কি তা পারবেন?”
ট্রাম্প বলেন, এই প্রশ্নের সহজ উত্তর হতো 'হ্যাঁ, আমি ক্ষমা করতে পারব'। কিন্তু তিনি যদি তা বলেন, তবে তিনি তার নিজের কাছে সৎ থাকতে পারবেন না।
তিনি তার প্রতিপক্ষদের "চরম অসৎ এবং দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর" বলে বর্ণনা করেন। ট্রাম্প মন্তব্য করেন, তিনি দেশের মানুষকে যতটা ভালোবাসেন, এদের মতো মানুষদের ততটা ভালোবাসতে পারেন না।
ট্রাম্প বলেন, “আমি মনে করি তারা অত্যন্ত খারাপ লোক ছিল। আমি তাদের অপছন্দ করি, এমনকি ‘ঘৃণা’ শব্দটিও ব্যবহার করতে পারি। আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি।”
সাংবাদিক যখন সুনির্দিষ্টভাবে জানতে চান যে, ঈশ্বরের চূড়ান্ত বিচারাসনের সামনে দাঁড়িয়েও কি তার উত্তর 'না' হবে? ট্রাম্প সরাসরি বলেন, “উত্তর হল না। আমি সত্যি বলতে চাই। আমি আমার কিছু শত্রুকে সত্যিই ঘৃণা করি এবং সবসময়ই করব।”
প্রশ্নটির প্রেক্ষাপট হিসেবে গত বছর আততায়ীর গুলিতে নিহত ডানপন্থি অ্যাক্টিভিস্ট চার্লি কার্কের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রসঙ্গটি স্মরণ করিয়ে দেওয়া হয়। সেখানে কার্কের বিধবা স্ত্রী এরিকা প্রকাশ্যে স্বামীর হত্যাকারীকে ক্ষমা করে দিয়েছিলেন।
কিন্তু তার কিছুক্ষণ পরই মঞ্চে উঠে ট্রাম্প ঘোষণা করেছিলেন, “আমি আমার বিরোধীদের ঘৃণা করি এবং তাদের কোনও মঙ্গল কামনা করি না।”
প্রথম মেয়াদে তার বিরুদ্ধে তদন্ত পরিচালনাকারী কর্মকর্তা ও ডেমোক্র্যাট নেতা থেকে শুরু করে নীতিতে বাধা দেওয়া প্রতিদ্বন্দ্বী রাজনীতিকদের প্রতি ট্রাম্প দীর্ঘদিন ধরেই তীব্র ক্ষোভ পুষে রেখেছেন।
বিভিন্ন সময়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত তিনি নিজের প্রতি ঘটা ‘অন্যায়’ ও বিরোধীদের প্রতি ক্ষোভের অবস্থানেই অনড় থাকেন।
ভ্যান্স ও ইরান যুদ্ধ নিয়ে অবস্থান
নির্বাচনি বিপর্যয়ের পর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স লিখেছিলেন যে, ইরান যুদ্ধের কারণেই রিপাবলিকানদের ভরাডুবি হয়েছে। শুরুতে ভ্যান্সের সমর্থনে কথা বললেও সাক্ষাৎকারে নিজের অবস্থান কিছুটা স্পষ্ট করেছেন ট্রাম্প।
ট্রাম্প জানান, রাজনৈতিক ক্ষয়ক্ষতির বিশ্লেষণ করলেও ভ্যান্সের উচিত ছিল যুদ্ধের সিদ্ধান্তের প্রতি আরও বেশি সমর্থন দেখানো।
প্রেসিডেন্ট বলেন, “ভ্যান্সের বিষয়ে আমি শুধু এটুকুই বলব, যদি তার তাই মনে হয়ে থাকে, তবে বিষয়টি তাকেই জিজ্ঞেস করা উচিত। তবে আপনি যদি সেই সিদ্ধান্তটি পুনরায় নেওয়ার সুযোগ পেতেন, আপনি কি তা করতেন? সে তো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ারই অংশ ছিল। আর এ বিষয়ে আমার উত্তর হল, নিঃসন্দেহে হ্যাঁ।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যান্সের ওই লেখা প্রকাশের আগের কথোপকথন তুলে ধরে ট্রাম্প বলেন, “সে আমাকে জিজ্ঞেস করেছিল, ‘আমি কী ভাবছি?’ আমি বলেছিলাম, ‘তোমার যা মনে হয় তা-ই লেখ।’ আচ্ছা যাই হোক, তুমি আসলে কী লিখতে যাচ্ছ?”
উত্তরসূরি নিয়ে হিসেবি ট্রাম্প
ওয়াশিংটনে ভ্যান্সের ওই বক্তব্যকে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে নিজের জায়গা শক্ত করার পদক্ষেপ হিসেবে দেখা হলেও ট্রাম্প জানান, ভ্যান্স প্রার্থী হলেই যে স্বয়ংক্রিয়ভাবে তার সমর্থন পাবেন, এমন কোনো নিশ্চয়তা নেই। বরং তিনি কাউকে সমর্থন না দিয়ে বাইরেও থাকতে পারেন।
সম্ভাব্য সমর্থনের প্রশ্নে ট্রাম্প বলেন, “সম্ভবত দেব, আবার নাও হতে পারে। হয়ত কোনো পক্ষেই না জড়ানো আমার জন্য ভালো হবে।”
ভ্যান্স ছাড়া আর কার নাম পছন্দের তালিকায় আছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রশংসা করে তিনি বলেন, “মার্কো চমৎকার একজন মানুষ। সে তার কাজ খুব ভালোবাসে এবং দারুণ কাজ করছে। এছাড়া আরও অনেকেই আছেন, যাদের নাম এখন বলতে চাই না। বেশ কয়েকজন সিনেটর আছেন যারা অসাধারণ। আমি তাদের সবাইকে চিনি এবং খুব পছন্দ করি।”
মেয়াদের শেষ ভাগে এসে দল যখন নতুন নেতৃত্বের দিকে এগোতে চাইবে, তখনও রিপাবলিকান পার্টিতে নিজের প্রভাব অটুট থাকবে বলে দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি যদি কাউকে সমর্থন দিই, তবে তা বড় ভূমিকা রাখবে; কারণ কাউকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে আমার সামর্থ্য সবসময়ই অত্যন্ত শক্তিশালী।”
পরিবারের ক্রিপ্টো ব্যবসা ও দুর্নীতির অভিযোগ
সাক্ষাৎকারের সবচেয়ে উত্তপ্ত অংশ ছিল ট্রাম্প পরিবারের বিস্তৃত ব্যবসা ও ক্রিপ্টোকারেন্সি নিয়ে প্রশ্নবাণ, যাকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগ তুলছে বিরোধীরা।
ট্রাম্প জানান, তার এক ছেলে, যাকে তিনি একজন “খুবই সোজাসাপটা ও ভালো মানুষ” বলে বর্ণনা করেন, তার অর্থসম্পদ দেখাশোনা করেন। সেই তহবিলের সিংহভাগই বিনিয়োগের জন্য ওয়াল স্ট্রিটের শীর্ষ প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়েছে।
গত বছর দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের কিছুদিন আগে ট্রাম্প ও তার ছেলেরা মিলে বেশ কিছু ক্রিপ্টো ব্যবসা চালু করেন, যেখান থেকে ইতোমধ্যে ১০০ কোটি ডলারেরও বেশি আয় এসেছে। এমনকি অভিষেকের ঠিক আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সংশ্লিষ্ট একটি বিনিয়োগ সংস্থা ট্রাম্প পরিবারের ওই ক্রিপ্টো কোম্পানির প্রায় অর্ধেক শেয়ার কিনে নেয়।
হোয়াইট হাউসের ওপর প্রভাব খাটানোর জন্য বিদেশি পক্ষগুলো এই বিনিয়োগ করেছে কি না, এমন সংশয় উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, সব প্রেসিডেন্টের আমলেই এমন বাইরের পক্ষ থাকে যারা আনুকূল্য পাওয়ার চেষ্টা করে।
ব্যবসা থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে না নেওয়ার অভিযোগ নাকচ করে তিনি বলেন, “নগদ অর্থ থেকে আপনি কীভাবে নিজেকে বিচ্ছিন্ন করবেন? তারা কম্পিউটার চালিত ব্যবস্থার মাধ্যমে প্রায় ৫০ হাজার স্টকে লেনদেন করেছে। তারা ছাইপাশ কী কিনছে, সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই।”
