বিদ্যুৎ ও এলএনজিতে বরাদ্দের দ্বিগুণের বেশি ভর্তুকি লাগতে পারে: গবেষণা
চলতি অর্থবছরে এ দুই খাতে ভর্তুকির প্রয়োজন এক লাখ কোটি টাকায় পৌঁছাতে পারে।
বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনের চেয়ে বাড়তি সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি পেমেন্টের দায় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধির মধ্যে সরকারের ওপর ভর্তুকির চাপ বাড়ছে। গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড) বলছে, সামনে সরকারের ওপর এই ভর্তুকির চাপ আরও বাড়তে পারে।
বিশেষ করে চলতি অর্থবছরে বিদ্যুৎ ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে বাজেট বরাদ্দের দ্বিগুণের বেশি ভর্তুকির প্রয়োজন হতে পারে।
প্রতিষ্ঠানটির গবেষণায় বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরে এ দুই খাতে ভর্তুকির জন্য ৪২ হাজার থেকে ৪৮ হাজার কোটি টাকা বরাদ্দ রয়েছে। তবে ভর্তুকির প্রয়োজন পৌঁছাতে পারে এক লাখ কোটি টাকায়, যা জাতীয় বাজেটের প্রায় ১০ শতাংশ। গত ২০২৫-২৬ অর্থবছরে এ দুই খাতে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় হয়েছিল ৫৭ হাজার ৭৯৬ কোটি টাকা।
ঢাকার সিরডাপ মিলনায়তনে রোববার ‘বাংলাদেশের জ্বালানি সংকট: তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি নীতি-করণীয়’ শীর্ষক গবেষণার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়। দ্য এশিয়া ফাউন্ডেশনের সহায়তায় গবেষণাটি করেছে র্যাপিড। গবেষণার ফলাফল তুলে ধরেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক।
গবেষণায় বিদ্যুৎ বিভাগের সম্ভাব্য ভর্তুকির হিসাব প্রায় ৫০ হাজার কোটি টাকা ধরা হয়েছে। অন্যদিকে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহের ব্যয় ও বিক্রয়মূল্যের ব্যবধানের ভিত্তিতে গ্যাসে ভর্তুকির প্রয়োজন ৫০ হাজার থেকে ৫৩ হাজার কোটি টাকা প্রাক্কলন করা হয়েছে।
গবেষকদের হিসাবে, পরিকল্পনা অনুযায়ী এলএনজি আমদানি করা হলে আন্তর্জাতিক বাজারে প্রতি এমএমবিটিইউ (গ্যাসের তাপশক্তি পরিমাপের একক) এলএনজির দাম ১ ডলার বাড়লে বাংলাদেশের বার্ষিক আমদানি ব্যয় ৪ হাজার ৫০০ কোটি টাকা বাড়বে। গ্যাসের বিক্রয়মূল্য অপরিবর্তিত থাকলেও ভর্তুকির দরকার হবে।
র্যাপিড বলছে, ২০২৫ সালের জ্বালানি আমদানির পরিমাণ অপরিবর্তিত রেখে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের গড় দাম হিসাব করলে বছরে আমদানি ব্যয় ২৫০ কোটি থেকে ৩৩০ কোটি ডলার বাড়তে পারে। আর সেপ্টেম্বরের দাম পুরো বছর অপরিবর্তিত থাকলে বাড়তি ব্যয় পৌঁছাতে পারে ৫৩০ কোটি থেকে ৭০০ কোটি ডলারে।
বাড়তি সক্ষমতার জন্য বছরে ১৮০ কোটি ডলার ক্ষতি
সরকারের পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামোর তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখিয়েছেন, সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা মেটাতে ২০ শতাংশ অতিরিক্ত সক্ষমতাসহ প্রয়োজন ২০ হাজার ৬৪০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা। অথচ স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা রয়েছে ২৮ হাজার ৯১৮ মেগাওয়াট।
অর্থাৎ প্রয়োজনের চেয়ে প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি সক্ষমতা রয়েছে দেশে। অব্যবহৃত সক্ষমতার বিপরীতে ক্যাপাসিটি পেমেন্ট বা বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতার জন্য অর্থ পরিশোধ বাবদ বছরে আনুমানিক ১৮০ কোটি ডলার ক্ষতি হচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে।
অথচ গত অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনোদিনই স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশের বেশি বিদ্যুৎ উৎপাদন করা যায়নি। অগাস্টের শুরুতে শুধু গ্যাসের অভাবেই ৫ হাজার ৬২৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অব্যবহৃত ছিল।
বাংলাদেশের বিদ্যুতের ৭৬ শতাংশ আসে গ্যাস ও তেল থেকে। পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে ৩ শতাংশেরও কম।
২০১৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বছরে গড়ে ৫ দশমিক ২ শতাংশ হারে বাড়লেও জ্বালানির ব্যবহার বেড়েছে ২ দশমিক ৭ শতাংশ। একই সময়ে দেশীয় গ্যাস উৎপাদন কমেছে ২৯ শতাংশ। এলএনজি আমদানি বাড়িয়েও এ ঘাটতি পূরণ করা যায়নি।
তিন মাসের লোডশেডিংয়ে ক্ষতি আগের পুরো বছরের চেয়েও বেশি
গবেষণার হিসাবে, চলতি বছরের অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের লোডশেডিংয়ে দেশের অর্থনীতির আনুমানিক ৫৪ হাজার ৯০ কোটি টাকা ক্ষতি হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের পুরো সময়ে এ ক্ষতির পরিমাণ ছিল ৩২ হাজার ৭০০ কোটি টাকা। তার আগের অর্থবছরে ক্ষতি হয়েছিল ৫১ হাজার ১৮৭ কোটি টাকা।
তিন মাসের লোডশেডিংয়ে অর্থনৈতিক ক্ষতির কেন্দ্রীয় প্রাক্কলন ২০২৫-২৬ অর্থবছরের জিডিপির ০ দশমিক ৮৮ শতাংশের সমান। তবে এটি জিডিপি প্রবৃদ্ধি কমার হিসাব নয়।
প্রতি ইউনিট বিদ্যুৎ সরবরাহ করতে না পারলে অর্থনীতিতে গড়ে ২২৭ টাকা ক্ষতি হয় বলেও গবেষণায় উঠে এসেছে। শিল্পকারখানায় এ ক্ষতির পরিমাণ ৩১০ টাকা। দোকানপাট, অফিস, হোটেল ও রেস্তোরাঁয় ৯০৩ টাকা এবং বাসাবাড়ি ও কৃষিতে ৭৫ টাকা।
এলএনজি দিয়ে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি ব্যয়ের তুলনায় ওই বিদ্যুৎ সরবরাহ না করার অর্থনৈতিক ক্ষতি প্রায় ১২ গুণ বেশি।
অগাস্ট থেকে অক্টোবর পর্যন্ত ৯২ দিনের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আবহাওয়ার প্রভাব বিবেচনায় নেওয়ার পরও বিদ্যুৎকেন্দ্রে দৈনিক অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহের সঙ্গে প্রতিদিন প্রায় ১ কোটি ১৬ লাখ ইউনিট বিদ্যুতের ঘাটতি কমার সম্পর্ক রয়েছে।
এলএনজি নির্ভরতায় বাড়বে ব্যয়
বর্তমান গ্যাসনির্ভরতা বজায় থাকলে ২০৩৪ সালে বার্ষিক এলএনজি আমদানির পরিমাণ প্রায় তিন গুণ বা তারও বেশি হতে পারে বলেও গবেষণায় বলা হয়েছে। র্যাপিড বলছে, এ জন্য নতুন করে তিন থেকে চারটি এলএনজি টার্মিনালের প্রয়োজন হতে পারে।
গবেষকদের হিসাবে, ২০২৭ থেকে ২০৩৪ সাল পর্যন্ত এলএনজি আমদানি ও টার্মিনাল বাবদ ব্যয় হতে পারে ৬ হাজার ৩০০ কোটি থেকে ৮ হাজার কোটি ডলার।
অন্যদিকে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর মাধ্যমে এ ব্যয় ৩ হাজার ৭০০ কোটি থেকে ৫ হাজার ৪০০ কোটি ডলারে নামিয়ে আনা সম্ভব।
সৌরবিদ্যুতের সক্ষমতা ৩৬ হাজার ৭০০ মেগাওয়াটে উন্নীত করা গেলে এ ব্যয় ২ হাজার ৫০০ কোটি থেকে ৪ হাজার ২০০ কোটি ডলারে নামতে পারে। তবে এ হিসাবে সৌরবিদ্যুৎ, ব্যাটারি ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিনিয়োগ এবং পরিচালন ব্যয় ধরা হয়নি।
২০২৫ সালের সৌরবিদ্যুৎ প্রকল্পের দরপত্রে প্রতি ইউনিট বিদ্যুতের গড় প্রস্তাবিত দর ছিল ৮ দশমিক ৩ মার্কিন সেন্ট। অন্যদিকে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের খোলাবাজারের গড় দাম অনুযায়ী গড় দক্ষতার গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে শুধু এলএনজির জ্বালানি ব্যয় ছিল ১৫ দশমিক ১ সেন্ট। এমনকি ব্যাটারিতে সংরক্ষণ করে সন্ধ্যায় সৌরবিদ্যুৎ সরবরাহের প্রাক্কলিত ব্যয়ও প্রতি ইউনিটে ১৪ দশমিক ৪ সেন্ট।
গবেষকরা তাদের প্রতিবেদনে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়ান, ক্যাপাসিটি পেমেন্ট সংক্রান্ত চুক্তি পর্যালোচনা, সৌরবিদ্যুতের সম্প্রসারণ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বাপেক্সের সক্ষমতা বাড়িয়ে স্থল ও সমুদ্রে গ্যাস অনুসন্ধানের সুপারিশ করেছেন।
মোহাম্মদ আবদুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় যুক্ত ছিলেন র্যাপিডের নির্বাহী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এম আবু ইউসুফ এবং গবেষক নাবিহা সুলতানা ও হাসিন ইসরাক।
