২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

সংলাপ: ইউপি নির্বাচনে জামানত কমানো ও নিরপেক্ষ প্রশাসন চায় দলগুলো

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে ইসির মেরুদণ্ড আরও শক্ত করতে হবে, বলেন কাদের সিদ্দিকী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Nov 2026, 09:12 PM

Updated : 29 Nov 2026, 09:12 PM

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমানাতের টাকা কমানো, কালোটাকা ও পেশিশক্তির প্রভাব ঠেকাতে নির্বাচন কমিশন-ইসির ভূমিকা চায় রাজনৈতিক দলের নেতারা।

ভোটে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা, ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার এবং আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

রোববার রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপের প্রথম দিনে অংশ নেওয়া দলগুলোর নেতাদের তরফে এসব দাবি এসেছে।

জবাবে নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, ভোটে কোনো ধরনের পক্ষপাত করা হবে না। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনে প্রার্থিতা বাতিল, নির্বাচন স্থগিত কিংবা বাতিলের ক্ষমতাও রয়েছে ইসির।

ভোট সুষ্ঠু করতে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, বডিওর্ন ক্যামেরাসহ নানা ধরনের পদক্ষেপের কথাও তুলে ধরা হয়েছে ইসির তরফে।

সকাল সাড়ে ১০টা থেকে তিন ঘণ্টাব্যাপী এ সংলাপ চলে। এদিন সংলাপে ১৫টি দলের নেতারা অংশ নেন।

প্রথম দিনের সংলাপে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার, ইসি সচিব ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কমিনিস্ট পার্টি-সিপিবি সভাপতি কাজী সাজ্জাদ চৌধুরী চন্দন আলোচনায় অংশ নিয়ে বলেছেন, নির্বাচনে জামানতের টাকা কমানোর দরকার। ভোটে কালোটাকার ব্যবহার বন্ধ করতে হবে।

জাতীয় পার্টির-জেপি’র যুগ্ম মহাসচিব মো. রুবেল হাওলাদার বলেন, অনেক সময় প্রচারকে কেন্দ্র করে সহিংসতা থাকে। নির্বাচনকালীন অভিযোগ দ্রুত নিষ্পতি করা দরকার। পোলিং এজেন্টদের শেষ পযর্ন্ত কেন্দ্রে থাকতে দিতে হবে।

গণতন্ত্রী পার্টির ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ সিকদার বলেন, স্থানীয় সরকারের নির্বাচন নিরপক্ষে করতে হলে কালো টাকার প্রভাবমুক্ত ভোট করতে হবে। নির্বাচনের সময় সকল প্রশাসন ইসির অধীনে থাকে। প্রশাসনকে দল নিরপেক্ষ নির্বাচন করতে হবে।

বিকল্প ধারা বাংলাদেশের মহসিচব ওবায়দুর রহমান মৃধা বলেন, নির্বাচনকালীন কমিশনের দায়িত্ব অনেক। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র চিহ্নিত করে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ দিতে হবে। গুজব বা এআই অপব্যবহার প্রতিরোধে মনিটরিং সেল গঠন করতে হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ অনেক বেশি হয়েছে। এমনকি জামানত এক হাজার টাকা হলেও তেমন কোনো ক্ষতি হতো না। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনা করা উচিত।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের মেরুদণ্ড আরও শক্ত করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, এবার চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ব্যয়সীমা ১০ লাখ টাকা এবং সদস্য প্রার্থীর জন্য দুই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। সে বিবেচনায় জামানতের পরিমাণ কিছুটা বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদে জামানত ২৫ হাজার টাকা এবং সদস্য পদে পাঁচ হাজার টাকা করা হয়েছে।

অনিয়ম করলে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আচরণবিধি লঙ্ঘনে জেল-জরিমানার বিষয়টিও তুলে ধরেন তিনি।

দল ও প্রার্থীদের উদ্দেশে রহমানেল মাছউদ বলেন, “আমরা আপনাদের আশ্বস্ত করতে চাই, নির্বাচন কমিশন থেকে কোনো পক্ষের প্রতি পক্ষপাতমূলক বার্তা যাবে না। নির্বাচনে গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নির্বাচন কমিশন তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে।”

ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি লঙ্ঘন করলে কমিশন বিলম্ব না করে ব্যবস্থা নেবে। প্রার্থী যে-ই হোক, অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনে ভোটের মাধ্যমে পাশ করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে তা প্রতিহত করা হবে।

প্রথমদিনের সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি নাসির উদ্দিন বলেছেন, নির্বাচনের সময় বিভিন্ন অভিযোগ আসে। এসব অভিযোগ নিষ্পত্তির জন্য মাঠপর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত ও নির্বাচনি অনুসন্ধান কমিটি রয়েছে।

রাজনৈতিক দলগুলোর দেওয়া মতামত ও পরামর্শ বিবেচনার আশ্বাস দিয়ে সিইসি বলেন, সবার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় এসেছে। কমিশন আশা করে, ভবিষ্যতেও রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে। প্রয়োজন হলে তাদের আবারও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।

সংলাপে অন্যদের মধ্যে ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, দলটির নেতা আবু বকর সিদ্দিক; বিজেপি নেতা শাহ মো. নূর উদ্দিন আহমেদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন, সাইফুল ইসলাম জালালী; জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, একই দলের মোহাম্মদ সিরাজ মিয়া; বাসদ সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সম্পাদক মণ্ডলীর সদস্য নিখিল দাস; মুসলিম লীগের সভাপতি জুবেদা কাদের চৌধুরী, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মহসীন চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দি, সহকারী মহাসচিব জয়নুল আবেদীন; জেপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির তালুকদার, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় নেতা সৈয়দ মাহবুবুর রহমান পারভেজ; ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ানী, দলটির নেতা এমদাদুল হক রানা; গণফোরামের সাধারণ সম্পাদক মো মিজানুর রহমান ও দলের নেতা মো. নাজমুল ইসলাম; সিপিবি নেতা জলি তালুকদার, ন্যাপের প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুর রহমান ও এনামুল হক ভুঁইয়া।

সংলাপের দ্বিতীয় দিন সোমবার বিএনপিসহ ১৮ টি দলের সংলাপ রয়েছে।

পুরনো খবর:

সংলাপ: নির্দলীয় ইউপি ভোটে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান সিইসি
ইউপি ভোট: দলের সঙ্গে ইসির সংলাপ শুরু রোববার