৬ মাসে শিক্ষক সংকট দূর হবে: শিক্ষামন্ত্রী
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
আগামী ছয় মাসের মধ্যে দেশের সব বিদ্যালয়ের শিক্ষক ও প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ওয়াজীর আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা খাতে পর্যাপ্ত বাজেট দিয়েছেন। আগামী পাঁচ বছরে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে পাঁচ হাজার কোটি টাকা বাজেট করা হয়েছে। দেশে একটিও জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয় থাকবে না।”
কারিগরি ও উচ্চশিক্ষার পরিকল্পনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটকে আরও আধুনিকায়ন করা হবে এবং ডিপ্লোমা শেষে সরাসরি উচ্চশিক্ষার জন্য চারটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মাণ করা হচ্ছে।
এ ছাড়া চলতি অর্থবছরেই চীনের আদলে নয়টি বিভাগে নয়টি পলিটেকনিক ইনস্টিটিউট গড়ে তোলা হবে বলে জানান তিনি।
বিশ্ববাজারে নিজেদের যোগ্য করে তুলতে শিক্ষার্থীদের বাংলা ও ইংরেজির পাশাপাশি চাইনিজ, আরবি, জাপানিজ বা কোরিয়ান- যেকোনো একটি তৃতীয় ভাষা শেখার পরামর্শ দেন মন্ত্রী।
প্রাথমিক শিক্ষার সুযোগ-সুবিধা প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রতি বছর বিদ্যালয় পরিচ্ছন্নতা ও সরঞ্জামের জন্য ৬ হাজার টাকা, শিক্ষার্থীদের পোশাকের জন্য ভ্যাট-ট্যাক্সসহ ১ হাজার ৯৫০ টাকা এবং পুষ্টিকর টিফিনের জন্য জনপ্রতি ৩৮ টাকা ৫০ পয়সা বরাদ্দ করা হয়েছে, যা ‘কুপন সিস্টেম’-এর মাধ্যমে বিতরণ করা হবে।
পাশাপাশি যেসব স্কুলের পাশে খালি জায়গা রয়েছে, সেখানে জমি অধিগ্রহণ করে খেলার মাঠ তৈরি করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা পুলিশ সুপার মো. বদরুদ্দোজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাফসা নাদিয়া।
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলীর সঞ্চালনায় সভায় গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও জেলা বিএনপির সদস্য এ কে এম গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
