চাহিদা-উৎপাদন কমলেও ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে
তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে। কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কিছুটা কমেছে।
শীতের শুরুতে দেশে বিদ্যুতের চাহিদা কমেছে, কমেছে উৎপাদনও। তবে এ সময়ে ভারত থেকে বিদ্যুৎ আমদানি বেড়েছে ৩৭ শতাংশ। খরচের হিসাব মাথায় রেখে নিজেদের কেন্দ্র বন্ধ রেখে আমদানি বাড়ানোর কথা বলছেন কর্মকর্তারা।
আমদানি করা বিদ্যুতের তুলনায় তেলভিত্তিক কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় বেশি হওয়ায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এমন সিদ্ধান্ত নিচ্ছে বলে যুক্তি কর্মকর্তাদের।
শীতের শুরুতে বিদ্যুতের চাহিদা কমতে শুরু করায় তা সম্প্রতি ১০ হাজার মেগাওয়াটের নিচে নেমেছে। এতে করে অনেক বিদ্যুৎকেন্দ্র চালানোর দরকার হচ্ছে না।
শীতকালে বাসাবাড়ি ও অফিসে ফ্যান ও এসির ব্যবহার কমে যায়। ফলে বিদ্যুতের চাহিদাও কমে। বিদ্যুৎ উৎপাদন শনিবার ভোরে নেমেছিল প্রায় ৯ হাজার ৬৫ মেগাওয়াটে। পরদিন সর্বনিম্ন উৎপাদন ছিল ৯ হাজার ৪৮৮ মেগাওয়াট।
পিডিবির বিদ্যুৎ উৎপাদন ও পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির জাতীয় লোড সেন্টারের (এনএলডিসি) ১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ৪৬ দিনের তথ্য বিশ্লেষণ করে এসব চিত্র পাওয়া গেছে।
এনএলডিসির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ৩৬ লাখ ইউনিট বিদ্যুৎ আমদানি হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা বেড়ে ৪ কোটি ৬০ লাখ ইউনিট হয়েছে। অর্থাৎ আমদানি বেড়েছে প্রায় ৩৭ শতাংশ।
ভারত থেকে বেশি কেনা হচ্ছে কেন?
চাহিদা কমার পরও ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়ার কারণ জানতে চাইলে পিডিবির সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানি করা বিদ্যুতের তুলনায় দেশে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদনে খরচ বেশি পড়ে।
তিনি বলেন, ভারতের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে কেনার কারণে ইউনিটপ্রতি ব্যয় কম পড়ছে। পাশাপাশি উচ্চ ভোল্টেজের সরাসরি বিদ্যুৎ সংযোগ বা এইচভিডিসির মাধ্যমে তা জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সুবিধা মিলছে। গ্যাস সংকটের মধ্যে এর বিপরীতে দেশের কেন্দ্রগুলোতে ফার্নেস অয়েল দিয়ে উৎপাদন করলে খরচ অনেক বেশি হবে।
এ কারণে বিদ্যুতের চাহিদা কমলে আমদানি বন্ধ না করে আগে তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন কমানোর কথা বলেন তিনি।
তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ও আমদানির সামগ্রিক ব্যয় কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে বিদ্যুৎ উৎপাদন ও আমদানিতে মোট ব্যয় ছিল ৪ হাজার ৩২৫ কোটি ৬৪ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৩ হাজার ৩৫৭ কোটি ৬১ লাখ টাকায় নেমেছে। অর্থাৎ ব্যয় কমেছে ৯৬৮ কোটি ৩ লাখ টাকা বা ২২ দশমিক ৪ শতাংশ।
একই সময়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় ব্যয় ৮ টাকা ৩৪ পয়সা থেকে কমে ৭ টাকা ৩৯ পয়সা হয়েছে।
এনএলডিসির হিসাবে, অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে উৎপাদন ও আমদানি মিলিয়ে দৈনিক গড়ে ৩৪ কোটি ৫৮ লাখ ইউনিট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা কমে ৩০ কোটি ৩১ লাখ ইউনিটে নেমেছে। অর্থাৎ দৈনিক গড় সরবরাহ কমেছে ১২ দশমিক ৪ শতাংশ।
রাতের শেষভাগ ও ভোরে বিদ্যুতের চাহিদা আরও কম থাকছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে দিনের সর্বনিম্ন বিদ্যুৎ উৎপাদনের গড় ছিল ১২ হাজার ৯৪৩ মেগাওয়াট। নভেম্বরের একই সময়ে তা কমে ১০ হাজার ৭৮৮ মেগাওয়াটে দাঁড়িয়েছে।
পিডিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, চাহিদা কমে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমাতে হচ্ছে। এতে উৎপাদন খরচও কমছে। তবে খরচ কমাকে সরাসরি আর্থিক সাশ্রয় বলা যায় না।
তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন কমেছে বেশি
এনএলডিসির তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১৫ দিনে ফার্নেস অয়েলভিত্তিক কেন্দ্রগুলো থেকে দৈনিক গড়ে ৬ কোটি ৩৫ লাখ ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল। নভেম্বরের একই সময়ে তা কমে ৩ কোটি ৩২ লাখ ইউনিট হয়েছে। অর্থাৎ তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন প্রায় অর্ধেকে নেমেছে।
পিডিবির চেয়ারম্যান বলেন, দিনের বেশির ভাগ সময় ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুতের প্রয়োজন কম থাকছে। তবে সর্বোচ্চ চাহিদার সময়ে এসব কেন্দ্রের বিদ্যুৎ বেশি প্রয়োজন হচ্ছে। এ কারণে সারাদিনের উৎপাদন খরচ কমে এসেছে।
এনএলডিসির হিসাবে, তেলভিত্তিক বিদ্যুতের উৎপাদন ব্যয়ও প্রায় অর্ধেকে নেমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে এ খাতে ব্যয় ছিল ১ হাজার ৯৬৯ কোটি ৬০ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৯৯৮ কোটি ৩৮ লাখ টাকা হয়েছে। অর্থাৎ ব্যয় কমেছে ৯৭১ কোটি ২২ লাখ টাকা।
কয়লা ও গ্যাসভিত্তিক বিদ্যুতের ব্যয়ও কিছুটা কমেছে। অক্টোবরের প্রথম ১৫ দিনে কয়লাভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ছিল ৮৬ কোটি ১৩ লাখ টাকা। নভেম্বরের একই সময়ে তা কমে ৮৩ কোটি ৯৮ লাখ টাকা হয়েছে।
গ্যাসভিত্তিক বিদ্যুতের দৈনিক গড় ব্যয় ৪১ কোটি ৩ লাখ টাকা থেকে কমে ৩৭ কোটি ৪৬ লাখ টাকায় দাঁড়িয়েছে।
