১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রি ১৫ শতাংশ বেড়েছে

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের নিট রেভিনিউ দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ দশমিক ৪৩ কোটি টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 01:56 AM

Updated : 12 Nov 2026, 01:56 AM

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানির নিট রেভিনিউ দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৯ দশমিক ৪৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ওয়ালটনের নিট রেভিনিউ ছিল ১ হাজার ৪৫১ কোটি টাকা।

সেই হিসাবে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ওয়ালটনের পণ্য বিক্রয় বেড়েছে ১৫ দশমিক ৭৪ শতাংশ।

বুধবার ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদের ৫৬তম সভায় চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয় বলে কোম্পানি কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সময়ে ওয়ালটনের কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ২২৪ দশমিক ৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির মুনাফা হয়েছিল ২২০ দশমিক ৮৯ কোটি টাকা।

চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৪ টাকা। আগের বছরের একই সময়ে ছিল ৬ দশমিক ৬৩ টাকা। আর কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ছাড়া ২৮৭ দশমিক শূন্য ৬ টাকায় এবং পুনর্মূল্যায়নসহ ৩৮৮ দশমিক শূন্য ১ টাকায় উন্নীত হয়েছে।