বিদ্যুৎ-গ্যাস সংকটে কারখানার উৎপাদন ব্যয় বেড়েছে, কমেছে শ্রমিক: জরিপের তথ্য
কারখানাগুলোর গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে।
বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঘাটতির কারণে দেশের মাঝারি ও বড় শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার তথ্য উঠে এসেছে একটি জরিপে।
চলতি বছরের এপ্রিল থেকে জুন পর্যন্ত বড় ও মাঝারি কারখানাগুলোর পরিস্থিতি মূল্যায়ন করে তাতে বলা হয়েছে, গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি শ্রমিকের সংখ্যা কমেছে। নতুন বিনিয়োগ ও নিয়োগও হয়নি।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান-বিআইডিএস) ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ-বিসিআইয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই জরিপের ফল মঙ্গলবার এক অনুষ্ঠানে তুলে ধরা হয়।
‘বিআইডিএস-বিসিআই ইভালুয়েট ১০০ সূচক’-এর প্রথম রাউন্ডে এপ্রিল-জুন প্রান্তিকে দেশের ১৩০টি কারখানার তথ্য বিশ্লেষণ করা হয়েছে।
এতে ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের সঙ্গে উৎপাদন, উপকরণ ব্যবহার, কর্মসংস্থান ও ব্যবসায়িক মনোভাবের তুলনা করা হয়েছে।
ইরান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ সংকটের মধ্যে গত এপ্রিল ও জুনে দুই দফা তেলের দাম বাড়ানো হয়। জুনে বাড়ানো হয় বিদ্যুতের দাম।
বিআইডিএস ও বিসিআইয়ের জরিপ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে মাঝারি ও বড় শিল্পকারখানার প্রকৃত উৎপাদন ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় প্রায় একই ছিল।
তবে ৪০টি কারখানায় উৎপাদন ৫ শতাংশের বেশি বেড়েছে, তবে ৩০টিতে কমেছে।
কারখানাগুলোর উৎপাদন সক্ষমতার ব্যবহারও কমেছে। গড় সক্ষমতার ব্যবহার ৬৭ শতাংশ থেকে কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। বস্ত্রশিল্পে এ হার ৭৩ শতাংশ থেকে নেমে এসেছে ৫৫ শতাংশে এবং উৎপাদন কমেছে ২০ শতাংশ।
তবে তৈরি পোশাক খাতে উৎপাদন বেড়েছে ২ শতাংশ।
উৎপাদন ব্যয়ের ক্ষেত্রে বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহকে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল থেকে জুন- এ তিন মাসে প্রতিদিন গড়ে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে ৪ দশমিক ১ ঘণ্টা, যা গেল বছরের চেয়ে দ্বিগুণ। গ্যাস বিভ্রাট শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে ৩ দশমিক ২ ঘণ্টা।
বিদ্যুৎ সরবরাহে সন্তুষ্ট কারখানা ৩৮ শতাংশ থেকে কমে ৭ শতাংশে দাঁড়িয়েছে। ৭৯ শতাংশ কারখানা বিদ্যুৎ ও জ্বালানিকে প্রধান বাধা বলেছে। প্রতি কারখানায় জ্বালানি খরচ ৫ শতাংশ ও পরিবহন খরচ ১০ শতাংশ বেড়েছে। ৯৪ শতাংশ কারখানায় কাঁচামালের দাম বেড়েছে।
কর্মসংস্থানের ক্ষেত্রেও নেতিবাচক চিত্র উঠে এসেছে জরিপে। মোট শ্রমিক সংখ্যা ১ শতাংশ কমেছে। ২০২৫ সালের গড় ত্রৈমাসিকের তুলনায় শ্রমিক সংখ্যা ৩ লাখ ৭ হাজার ১০০ থেকে কমে ৩ লাখ ৫ হাজার ৭০০ হয়েছে। নতুন নিয়োগ ও চাকরি ছাড়া কমেছে ১৯ শতাংশ। নতুন নিয়োগের বেশিরভাগেই আগের শ্রমিকের জায়গা পূরণ।
ব্যবসায়িক মনোভাবের সূচকেও দুর্বলতা দেখা গেছে। আগের তিন মাস তুলনায় এপ্রিল-জুন প্রান্তিকে কারখানার ব্যবসায়িক পরিস্থিতির পাঁচটি সূচকই ৫০-এর নিচে রয়েছে। পরের তিন মাসের প্রত্যাশিত সূচক ৪৯ থেকে ৫৪। অর্থাৎ উদ্যোক্তারা অবনতি থামার এবং উৎপাদন কিছুটা বাড়বে বলে আশা করেছেন।
