সরাসরি বিদ্যুতের জাতীয় গ্রিডে যুক্ত হল মেহেরপুর
আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
সরাসরি জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সংযুক্ত হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা মেহেরপুর। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো ১৩২ কেভি ভোল্টেজ লেভেলে সরাসরি সংযুক্ত হল জেলাটি।
বুধবার নবনির্মিত সঞ্চালন লাইন এবং দুটি গ্রিড উপকেন্দ্র চালু করার পর এ সাফল্য অর্জন হয়েছে বলে জানিয়েছেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ।
এর আগে পার্শ্ববর্তী কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলা থেকে ৩৩ কেভি বিতরণ লাইনের মাধ্যমে মেহেরপুরে বিদ্যুৎ সরবরাহ করা হতো।
দীর্ঘ দূরত্বে বিতরণ ব্যবস্থা থাকার কারণে মেহেরপুরে প্রায়শই লো-ভোল্টেজসহ বিদ্যুৎ সরবরাহজনিত নানা সমস্যার সৃষ্টি হত।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয়, মেহেরপুর জেলার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং জাতীয় গ্রিডের সঞ্চালন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাওয়ার গ্রিড বাংলাদেশ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত এই উদ্যোগ গ্রহণ করে।
এ উদ্যোগের আওতায় মেহেরপুর সদর উপজেলার আলমপুর মৌজায় তিন একর জমির ওপর ২৪০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে কুষ্টিয়া-মেহেরপুর ৪৮ কিলোমিটার দীর্ঘ ১৩২ কেভি সঞ্চালন লাইন।
এছাড়া কুষ্টিয়া গ্রিড উপকেন্দ্রে দুটি ১৩২ কেভি বে-এক্সটেনশনও নির্মাণ করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই অর্জনের ফলে মেহেরপুর জেলায় মানসম্মত, নির্ভরযোগ্য ও উন্নতমানের বিদ্যুৎ সরবরাহের পথ সুগম হওয়ার পাশাপাশি কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা গ্রিড উপকেন্দ্রের ওপর অতিরিক্ত লোডের চাপ ও ওভারলোডজনিত সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।
