জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ দ্বিতীয়বার, পরীক্ষা চলবে ২৪ ঘণ্টা পর্যন্ত
প্রথম দফার পরীক্ষার ছয় দিন পর আবার ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হয়েছে।
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে উৎপাদিত বিদ্যুৎ দ্বিতীয়বারের মত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।
সোমবার সকাল ১০টা ২০ মিনিটে পাবনার ঈশ্বরদীতে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিট থেকে এই সরবরাহ শুরু হয়। এবারের পরীক্ষায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ''দ্বিতীয় দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হবে।''
এর আগে গত ১৭ নভেম্বর বিকাল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মত জাতীয় গ্রিডে যুক্ত হয় রূপপুরের বিদ্যুৎ। সেদিন পরীক্ষামূলকভাবে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়। প্রায় সাড়ে আট ঘণ্টা পর কেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়।
প্রথম দফার পরীক্ষা শেষে কেন্দ্রটির বিভিন্ন যন্ত্রপাতি ও পরিচালনব্যবস্থার কার্যকারিতা যাচাইয়ের কাজ চলে। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মত বিদ্যুৎ সরবরাহ শুরু হল।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রতিটি ধাপে কেন্দ্রটির টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে।
এছাড়া বিভিন্ন উৎপাদনক্ষমতায় কেন্দ্রটি নিরাপদে বিদ্যুৎ সরবরাহ করতে পারছে কি না, তাও পরীক্ষা করা হবে।
এই পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হল জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থার সমন্বয়। একে বলা হয় ‘গ্রিড সিনক্রোনাইজেশন’।
এর মাধ্যমে কেন্দ্রের উৎপাদিত বিদ্যুতের সঙ্গে জাতীয় গ্রিডের ভোল্টেজ ও ফ্রিকোয়েন্সির সামঞ্জস্য পরীক্ষা করা হয়।
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অর্থ কেন্দ্রটির বাণিজ্যিক উৎপাদন শুরু হওয়া নয়। পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যাওয়ার আগে আরও কারিগরি পরীক্ষা ও নিরাপত্তা যাচাই করতে হবে।
এর আগে ১১ অক্টোবর বিকাল ৩টা ৩৪ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়। এই প্রক্রিয়াকে বলা হয় ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’। এর মাধ্যমে পারমাণবিক জ্বালানি থেকে নিয়ন্ত্রিতভাবে তাপ উৎপাদন শুরু হয়।
এরপর ২৯ অক্টোবর প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর পরীক্ষার অনুমোদন দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
কেন্দ্রটির দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে।
প্রকল্পটির মূল মেয়াদ ছিল ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। দুই দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ডলারের বিনিময় হার বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় প্রায় ২৬ হাজার কোটি টাকা বেড়ে বর্তমানে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা দাঁড়িয়েছে।
গত ১৭ নভেম্বর প্রথমবার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পর বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, জানুয়ারির মধ্যে প্রথম ইউনিটের উৎপাদন ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ মেগাওয়াটে উন্নীত করার চেষ্টা থাকবে।
তবে প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরুর আগে পরীক্ষামূলক পরিচালনার আরও কয়েকটি ধাপ শেষ করতে হবে।
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিতে ১০ মাস পরীক্ষামূলক পরিচালনার কথা রয়েছে। এরপর প্রথম ইউনিট থেকে পূর্ণ ক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর পরিকল্পনা রয়েছে।
