২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার সময় ‘সাপের কামড়ে’ শিশুর মৃত্যু

“শিশুটিকে যখন আনা হয়েছিল, তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিল।”

খেলার সময় ‘সাপের কামড়ে’ শিশুর মৃত্যু

সাপের কামড়ে মারা যাওয়া শিশু মো. আবদুল্লাহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:56 PM

Updated : 23 Nov 2026, 12:56 PM

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের খান বাহাদুর পাড়ায় রাতে খেলছিল ২১ মাস বয়সি শিশু আবদুল্লাহ। হঠাৎ তার কান্না শুনে পরিবারের লোকজন এগিয়ে আসে। পরে শরীরে সাপে কাটার দাগ দেখতে পায়।

পরে আবদুল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম দিয়ে পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। তার পরও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার রাতে এই ঘটনার পর সোমবার সকালে শিশুটির দাফন হয়। পরে সোমবার দুপুরে বাড়ির পাশের ঝোপ থেকে একটি সাপ ধরে স্বজন ও প্রতিবেশীরা। তাদের দাবি, এই সাপটিই আবদুল্লাহকে কামড়েছিল।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর একমাত্র সন্তান।

আবদুল্লাহর চাচা রোকন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে আবদুল্লাহ মাটিতে বসে খেলছিল। রাত ৮টার দিকে হঠাৎ চিৎকার করে কান্না শুরু করলে ওর মা এগিয়ে গিয়ে একটা সাপকে চলে যেতে দেখে।

“পরে আবদুল্লাহর শরীরে খুঁজে, ডান হাতের বগলের নিচে দুটি দাগ দেখতে পায়। তখনই বুঝতে পারে যে, আবদুল্লাহকে সাপে কামড়েছে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।”

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে দেড় বছর বয়সি আবদুল্লাহকে হাসপাতালে আনা হলে তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়। যখন আনা হয়েছিল, তখনই তার শারীরিক অবস্থা খারাপ ছিল।

“পরে শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানে সে মারা গেছে বলে জেনেছি।”

আবদুল্লাহর চাচা রোকন উদ্দিন বলেন, “রাতে মেডিকেলে আবদুল্লাহ মারা যায়। সে ছিল বাবা-মায়ের একমাত্র সন্তান। ওর বাবা অল্প সময়ে দেশে ফিরতে পারেনি। আবদুল্লাহর দাফন হয়েছে।”

পরে সোমবার দুপুরে বাড়ির কাছের একটি ঝোপ থেকে একটি সাপ ধরা হয়েছে জানিয়ে রোকন উদ্দিন বলেন, “বাড়ির লোকজন মিলে সাপটাকে ধরেছি। প্রাণিসম্পদের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

“এটি একটি পদ্ম গোখরা সাপ। প্রাণিসম্পদের লোকজন এলে তারা ঠিক করবে—সাপটি কী করবে।”