স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে অস্ত্রোপচার, বসল দুটি রিং, একটি বেলুন
“আগামী পরশু তিনি হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা যায়।”
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের হৃদ্যন্ত্রে দুটি রিং এবং একটি বেলুন বসানো হয়েছে।
রোববার ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি এ তথ্য জানান।
তিনি বলেন, “মন্ত্রী বর্তমানে করোনারি কেয়ার ইউনিটতে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা পর বাকিটা জানানো হবে। তবে আগামী পরশু তিনি হাসপাতাল ছেড়ে যেতে পারবেন বলে আশা করা যায়।”
শনিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। তখন মন্ত্রীর হার্টে ব্লক ধরা পড়ে।
৭৫ বছর বয়সী সরদার সাখাওয়াত হোসেন বকুল নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের চার বারের সংসদ সদস্য।
গত ফেব্রুয়ারির নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।
