পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন ১৩ ডিসেম্বর থেকে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
“বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল,” বলেন তিনি।
দেশজুড়ে আগামী ১৩ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন শুরু হবে বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জানিয়েছেন।
বুধবার দৈনিক সমকালের সভাকক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, সেদিন রাষ্ট্রপতি আনুষ্ঠানিকভাবে বছরব্যাপী এ ক্যাম্পেইন উদ্বোধন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, “বিগত অন্তর্বর্তী সরকারের ভুল নীতিগত সিদ্ধান্তে দেশের দীর্ঘ চার-পাঁচ দশকের সফল পরিবার পরিকল্পনা এবং টিকাদান কর্মসূচি ধ্বংস হয়ে গিয়েছিল। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।
“বিকল্প কোনো দিকনির্দেশনা ছাড়াই অন্তর্বর্তী সরকার সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দেওয়ায় মাঠপর্যায়ের কর্মীদের বেতন এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ে। মাঝেমধ্যে ভুল নীতি দুর্নীতির চেয়েও ভয়াবহ পরিণতি ডেকে আনে। আমরা দায়িত্ব নেওয়ার পরই জরুরি ভিত্তিতে দরপত্র আহ্বান করেছি এবং ইতোমধ্যে সাতটি বিভাগের ডিপোতে পরিবার পরিকল্পনা সামগ্রী পৌঁছে গেছে।”
স্বাস্থ্যখাতের জনবল নিয়ে তিনি বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। এ ছাড়া বর্তমানে মাঠপর্যায়ে কর্মরত প্রায় ৪০ হাজার কর্মীকে নিয়ে একটি সমন্বিত কর্মীবাহিনী গড়ে তোলা হবে। একবিংশ শতাব্দীর উপযোগী করতে তাদের হাতে ট্যাব ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) তথ্য দেওয়া হবে, যাতে তারা আরও সুনির্দিষ্টভাবে সেবা ও নজরদারি চালাতে পারেন।”
মুহিত বলেন, “হাওর, চর, পাহাড় ও উপকূলীয় অঞ্চলের চ্যালেঞ্জ ভিন্ন। বন্যার সময় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন দুর্গম এলাকার দরিদ্র ও প্রতিবন্ধী নারীরা। শুধু জাতীয় গড় হিসাব দিয়ে এই প্রান্তিক জনগোষ্ঠীর প্রকৃত সংকট বোঝা সম্ভব নয়। মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে নীতিনির্ধারকদের এসব মানুষের বাস্তব অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে হবে।”
‘নারী স্বাস্থ্য ইনস্টিটিউট’ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে জরুরি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে সামাজিক ট্যাবু ভাঙা এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
সমকালের সভাকক্ষে ‘পরিবার পরিকল্পনা সেবার সংকট: দুর্গম ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার নারীর জীবনে বহুমাত্রিক প্রভাব, সমস্যা উত্তরণে নীতিগত করণীয়’ শিরোনামের বৈঠকে কথা বলেন প্রতিমন্ত্রী।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরা, মেরী স্টোপস বাংলাদেশের চেয়ারপারসন ইয়াসমিন আহমেদ, আইপাস এর কান্ট্রি ডিরেক্টর রুবাইয়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আইনুন নাহার, যৌন ও প্রজনন স্বাস্থ্য বিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, ইউএনএফপিএ এর যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিশেষজ্ঞ মঞ্জুন নাহার উপস্থিত ছিলেন।
