৫০৩ উপজেলায় হবে ১৫১ শয্যার হাসপাতাল: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
দেশের ৫০৩ উপজেলায় নতুন করে ১৫১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত।
প্রান্তিক ও হাওরাঞ্চলসহ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন ও জনবল সংকট নিরসনে সমন্বিত পরিকল্পনার অংশ হিসেবে এসব হাসপাতাল তৈরির কথা বলেন তিনি।
সোমবার সন্ধ্যায় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আরও বলেন, হাসপাতালের পাশাপাশি চিকিৎসক ও নার্স সংকট কাটাতে প্রায় ৪ হাজার সহকারী সার্জন এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
“সবার জন্য স্বাস্থ্যনীতির আলোকে বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর। অতীতে স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা ও দুর্নীতি হয়েছে, তা কাটিয়ে উঠতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে একদিকে যেমন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে অবকাঠামো তৈরি করা হচ্ছে, তেমনি জনবল তৈরির সমন্বিত উদ্যোগও নেওয়া হয়েছে।”
এম এ মুহিত বলেন, ‘বাংলাদেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ, উন্নতি করা, নবরূপায়ন ও মেরামত-সংস্কার’ শিরোনামে একটি মেগা প্রকল্পের ডিপিপি বর্তমানে অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। ওই ডিপিপি অনুমোদিত হলেই সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে।
“এছাড়া দুর্গম এলাকায় চিকিৎসকরা যেন নিরাপদ পরিবেশে থাকতে পারেন এবং বদলি হয়ে চলে যাওয়ার প্রবণতা কমে, সেজন্য নতুন হাসপাতালগুলোর নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে।”
স্বাস্থ্য খাতের জনবল সংকট নিরসনে সরকারের নেওয়া পদক্ষেপের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে ১ হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলছে। একইভাবে নার্স সংকট কাটাতে সিনিয়র স্টাফ নার্সের ৮২৮টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য গত ২৮ সেপ্টেম্বর পিএসসিতে পরীক্ষা হয়েছে। এছাড়া আরও ১ হাজার ৫৬৬টি পদে নিয়োগের জন্য পিএসসিতে প্রস্তাব পাঠানো হয়েছে এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে আরও ১ হাজার ৭৭৫টি পদের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে।
মিডওয়াইফ নিয়োগের অগ্রগতি নিয়ে তিনি বলেন, সুপারিশপ্রাপ্ত ৫৫৮ জন মিডওয়াইফের পুলিশ ভেরিফিকেশন চলছে। পাশাপাশি নতুন করে আরও ৩৪২ জন এবং ৯১৪ জন মিডওয়াইফ নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিষ্ঠানগুলোতে ১৬ থেকে ২০তম গ্রেডের শূন্য পদগুলো আউটসোর্সিংয়ের মাধ্যমে পূরণ করা হচ্ছে।
