বর্তমান কমিশন কাজে বিশ্বাসী: দুদক চেয়ারম্যান
“বড় দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা বেশি নয়। এসব দুর্নীতির অনুসন্ধান, মামলা ও তদন্তে বেশি গুরুত্ব দিচ্ছে বর্তমান কমিশন,” বলেন জাহাঙ্গীর আলম খান।
দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী।
রোববার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
“বর্তমান কমিশন কাজে বিশ্বাসী।”
কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমে দুদককে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কমিশন কাজ করছে বলে মন্তব্য করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুদকের কমিশনার (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
তার দাবি, আমদানি-রপ্তানির চালানপত্রে পণ্যের দাম কমবেশি দেখানোর মাধ্যমে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
বড় বড় দুর্নীতির কারণে দেশের অর্থনীতির ক্ষতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যায় বেশি নয়। বর্তমান কমিশন বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা ও তদন্তকে অগ্রাধিকার দিচ্ছে। দুদককে মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও জানান তিনি।
সভায় দুদকের কমিশনার (অনুসন্ধান) মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির চেয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করেছে। তার দাবি, দেশে প্রায় ৯৫ শতাংশ অর্থ পাচার হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হয় বলে মন্তব্য করেন তিনি।
কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে সাজ্জাদ হোসেন বলেন, “আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।”
দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় কমিশনের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকরা অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে দুদক সচিব জানান, বর্তমান কমিশন তিন মাসের মধ্যে দুদকের নতুন সাংগঠনিক কাঠামো তৈরি করেছে। এ সময়ের মধ্যে এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি এবং নতুন গ্রেডেশন তালিকা তৈরির কথাও তুলে ধরেন তিনি।
দুদক সচিব বলেন, কর্মকর্তাদের জন্য দেশে ও বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। এসব উদ্যোগের ফলে দুদকের অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে দুই কমিশনার ও সচিবকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দুদক চেয়ারম্যান।
