২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

এ ঘটনায় একটি উটও আহত হয়েছে।

কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি রাখাল নিহত

ছবি: কুয়েতের সংবাদমাধ্যম জিডিএন অনলাইন।

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 12:37 PM

Updated : 23 Nov 2026, 12:39 PM

কুয়েতের আল-সালমি মরুভূমিতে স্থলমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। এ ঘটনায় একটি উটও আহত হয়েছে।

১৯৯০ সালে ইরাকের কুয়েত আগ্রাসনের সময় পুঁতে রাখা মাইন থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তবে নিহত ব্যক্তির পুরো পরিচয় এখনও নিশ্চিত করেনি তারা।

কুয়েতের সংবাদমাধ্যম জিডিএন অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মরুভূমির একটি এলাকায় বিস্ফোরণের খবর পায় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ও জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়।

তদন্তে জানা যায়, নিহত ব্যক্তি ২৮ বছর বয়সি একজন বাংলাদেশি নাগরিক। তিনি সেখানে রাখাল হিসেবে কাজ করতেন। মরুভূমিতে চলাচলের সময় একটি স্থলমাইনের সংস্পর্শে এলে সেটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিস্ফোরণের আঘাতে কাছাকাছি থাকা একটি উটও আহত হয়।

ঘটনার পর মাইনটি নিষ্ক্রিয় করা এবং আশপাশের এলাকায় আরও কোনো বিস্ফোরক রয়েছে কি না, তা পরীক্ষা করতে কুয়েতের সেনাবাহিনীর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ দল পাঠানো হয়।

এদিকে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের নাম জানাতে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিস্ফোরণে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যুর খবর তারা পেয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি দূতাবাস। তার পরিচয় ও ঘটনার বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

১৯৯০ সালের ইরাকি আগ্রাসনের প্রায় চার দশক পরও কুয়েতের বিভিন্ন এলাকায় স্থলমাইন ও অবিস্ফোরিত বিস্ফোরক ঝুঁকি তৈরি করে রেখেছে। আল-সালমি মরুভূমির এ ঘটনা সেই বিপদের বিষয়টি আবারও সামনে আনল।