২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

ইতালিতে বাস-স্কুটার সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি কর্মীর

তিনি বারি শহরে একটি মোবাইলের দোকানে কাজ করতেন।

ইতালিতে বাস-স্কুটার সংঘর্ষ, প্রাণ গেল বাংলাদেশি কর্মীর

জিয়াউর রহমান (৩০) ও দুর্ঘটনাস্থল, ছবি: লা রেপুব্লিকা।

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 29 Oct 2026, 12:09 PM

Updated : 29 Oct 2026, 12:09 PM

ইতালির বারি শহরে বাসের সঙ্গে ইলেকট্রনিক স্কুটারের সংঘর্ষে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

জিয়াউর রহমান (৩০) নামে এ প্রবাসীর বাড়ি ফেনী জেলায়। তিনি বারি শহরে একটি মোবাইলের দোকানে কাজ করতেন।

স্থানীয় সংবাদমাধ্যম ‘লা রেপুব্লিকা’ ও ‘কোতিদিয়ানো দি পুলিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ওই শহরের কেন্দ্রস্থলে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, প্রতিদিনের মতো কাজ শেষ করে ইলেকট্রনিক স্কুটার বা মনোপাত্তিনো চালিয়ে নিজের বাসায় ফিরছিলেন জিয়াউর। শহরের কোরসো ভিত্তোরিও এমানুয়েলে ও পিয়াচা মাসসারি-র মাঝামাঝি এলাকায় পৌঁছালে গণপরিবহন সংস্থা ‘আমতাব’-এর একটি বাসের সঙ্গে তার স্কুটারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

বাসটি ডান দিকে মোড় নেওয়ার সময় স্কুটারটি এর নিচে চলে যায়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করে।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে গণপরিবহন সংস্থা ‘আমতাব’। প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক বিবৃতিতে নিহত যুবকের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, দুর্ঘটনাটির প্রকৃত পরিস্থিতি খতিয়ে দেখতে তারা একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং তদন্তকারী কর্তৃপক্ষকে সহযোগিতা করা হচ্ছে।

প্রাথমিক তথ্যে ‘আমতাব’ জানিয়েছে, বাসটি তার নির্দিষ্ট রুট ও নিয়মে চললেও ঘটনার আকস্মিকতায় এ প্রাণহানির ঘটনা ঘটে।

নিহত জিয়াউর রহমান প্রায় দুই বছর আগে উন্নত জীবনের আশায় ইতালি পাড়ি জমান। রোমের বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কমিউনিটির সহায়তায় তার লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।