দুই তারা মিলে হল এক, প্রথমবার এমন ঘটনা দেখলেন বিজ্ঞানীরা
পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ে ছায়াপথের অন্যতম নিকট প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রান্তে এ মহাজাগতিক মিলন ঘটেছে।
সূর্যের সাত গুণ ভর ও ১৮ হাজার গুণ বেশি উজ্জ্বল বড় এক মৃতপ্রায় তারাকে তার ছোট সঙ্গী তারাটিকে গিলে ফেলতে দেখেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমন একীভূত হওয়ার দৃশ্য এর আগে কখনো সরাসরি দেখা যায়নি।
এ ঘটনা ঘটেছে মহাকর্ষীয় বন্ধনে আবদ্ধ দুটি তারা বা ‘বাইনারি সিস্টেম’-এ।
রয়টার্স লিখেছে, এতে বড় তারাটি ‘জীবনের’ অন্তিম দশায় অস্বাভাবিকভাবে ফুলে উঠে ‘পাফি সুপারজায়ান্ট’-এ রূপ নেয় ও ছোট তারাটিকে গ্রাস করে। পরে তারা দুটি মিলে একটি তারায় পরিণত হয়।
পৃথিবী থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ে ছায়াপথের অন্যতম নিকট প্রতিবেশী অ্যান্ড্রোমিডা ছায়াপথের প্রান্তে এ মহাজাগতিক মিলন ঘটেছে।
আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ ৯ দশমিক ৫ ট্রিলিয়ন কিলোমিটারকে এক আলোকবর্ষ বলা হয়।
গবেষকরা তারা গ্রাসের এই আসন্ন ঘটনাটি ঘটার প্রায় তিন বছর আগেই তা শনাক্ত করেছিলেন। পরবর্তীতে ধাপে ধাপে পুরো একীভূত হওয়ার প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছেন তারা।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার’-এ।
এ গবেষণার প্রধান লেখক, নিউ ইয়র্কের ‘ইউনিভার্সিটি অফ কলাম্বিয়া’র পোস্টডক্টরাল গবেষক ও নাসা হাবল ফেলো বিরাজ করমবেলকর বলেছেন, “দানবাকার তারার তার সঙ্গী তারাকে গিলে ফেলার বিষয়টি বহু দশক ধরেই তাত্ত্বিকভাবে আলোচিত হয়ে আসছে।
“মহাবিশ্বে আজ আমরা যে নানামুখী তারাব্যবস্থা দেখি তা ব্যাখ্যার ক্ষেত্রে এই প্রক্রিয়ার ফলাফল বোঝা গুরুত্বপূর্ণ।
“এই গবেষণায় উঠে আসা তারাব্যবস্থাটি এ প্রক্রিয়া ঘটার প্রথম সরাসরি পর্যবেক্ষণ তুলে ধরেছে, অর্থাৎ কোনো দানবাকার তারা তার সঙ্গীকে গিলে ফেলার মুহূর্তটি এই প্রথম সরাসরি ধরা সম্ভব হল।”
জীবনকালের শেষ প্রান্তে পৌঁছে বড় তারাগুলোর কেন্দ্রের জ্বালানি ফুরিয়ে গেলে কেন্দ্র সংকুচিত হতে থাকে ও ভেতরের প্রচণ্ড তাপ বাইরের স্তরগুলোকে বাইরের দিকে ঠেলে দেয়। ফলে তারাটি ফুলে ওঠে।
এই গবেষণার বড় তারাটি ফুলে সূর্যের ব্যাসের ৩৫০ গুণ হয়ে গিয়েছিল।
অন্যদিকে, সূর্যের ব্যাসের প্রায় ৭০ শতাংশ আকারের ছোট তারাটি সূর্য ও মঙ্গল গ্রহের মধ্যবর্তী দূরত্বের সমান কক্ষপথে বড় সঙ্গীটিকে প্রদক্ষিণ করছিল ও বড় তারাটির এই প্রসারণের মধ্যেই সেটা বিলীন হয়ে যায়।
‘বোমা ফাটানোর মতো বিস্ফোরণ’
২০১৮ সালে এ ঘটনা শুরু হওয়ার সময় উজ্জ্বলতা বৃদ্ধির বিষয়টি শনাক্ত করেছিলেন গবেষকরা; এরপর পরবর্তী সাত বছর ধরে ছোট তারাটি ক্রমে বড় তারাটির কেন্দ্রের দিকে সর্পিলভাবে ভেতরে ঢুকতে থাকে।
২০২৫ সালের শেষ দিকে ছোট তারাটি শেষ পর্যন্ত বড় তারাটির কেন্দ্রের সঙ্গে একীভূত হয় ও সূর্যের চেয়ে ১০ লাখ গুণ বেশি উজ্জ্বল বিস্ফোরণের জন্ম দেয়, যাকে ‘একত্রীকরণ ঘটনা’ বা ‘ইউনিফিকেশন ইভেন্ট’ বলে বর্ণনা করেছেন করমবেলকর।
“এই প্রবল সংঘর্ষ তারাটির ভেতরে একটি বোমা ফাটিয়েছিল, যার ফলে আমরা ওই উজ্জ্বল বিস্ফোরণটি দেখতে পেয়েছি।”
ক্যালিফোর্নিয়ার পালোমার অবজারভেটরির ইনফ্রারেড ‘উইন্টার’ টেলিস্কোপ ও নাসার ‘নিওওয়াইজ’ স্পেস টেলিস্কোপের তথ্য ব্যবহার করে গবেষকরা প্রথমে তারা দুটি শনাক্ত করেন।
এরপর কক্ষপথে থাকা ‘স্ফিয়ারএক্স’ ও ‘জেমস ওয়েব’ স্পেস টেলিস্কোপ এবং বিভিন্ন ভূমিভিত্তিক মানমন্দিরের সাহায্যে পুরো ঘটনাগুলো পর্যবেক্ষণ করেন।
কলাম্বিয়ার জ্যোতিঃপদার্থবিজ্ঞানের অধ্যাপক ও এ গবেষণার সহলেখক কিশলয় দে বলেছেন, “অতীতে আমরা তারার একীভূত হওয়ার ঘটনা দেখেছি।”
“পার্থক্যটা হল, যেসব তারা একীভূত হয়েছে, সেগুলোর স্বভাবে। অতীতে দেখা তারা একীভূত হওয়ার ঘটনাগুলো ঘটেছিল তুলনামূলকভাবে ছোট ও ঘনবদ্ধ দুটি তারার মধ্যে, যেখানে ভৌত সংস্পর্শে আসার পর একীভূত হওয়াটা ছিল প্রায় অনিবার্য।
“তবে এই ঘটনার বড় তারাটি ছিল ফুলে ওঠা এক তারা, যার বাইরের আবরণ ছিল আলগাভাবে বাঁধা। এমন অবস্থায় একীভূত হওয়া ঘটতেও পারে, আবার নাও ঘটতে পারে।”
কিশলয় দে বলেছেন, কিছু ক্ষেত্রে গিলে ফেলা ছোট তারাটি এতটা শক্তি নির্গত করতে পারে যে তা বড় তারাটির ফুলে থাকা বাইরের স্তরগুলো উড়িয়ে নিলে মূল বড় তারাটির অবশিষ্ট কেন্দ্র ছোট তারাটিকে প্রদক্ষিণ করতে থাকে।
গবেষকরা বলছেন, এ ঘটনায় দুটি তারার মধ্যে বড়টি জীবনকালের শেষ প্রান্তে থাকলেও একীভূত হওয়ার ফলে নতুন জীবন পাওয়া বা পুনর্জীবিত একটি তারা তৈরি হতে পারে।
একীভূত হওয়া তারাটিকে চীনা রন্ধনশৈলীর জনপ্রিয় ভাপা রুটির নামে ‘বাও’ ডাকনাম দিয়েছেন গবেষকরা।
করমবেলকর বলেছেন, “এ বিস্ফোরণের স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নাম ছিল ‘এটি২০২৫অ্যাবাও’, যার মানে ‘২০২৫ অ্যাবাও-এর জ্যোতির্বৈজ্ঞানিক ক্ষণস্থায়ী ঘটনা’।
“এর থেকেই স্নেহবশত আমরা এটাকে বাও বলে ডেকেছি। চীনা রুটির নামের সঙ্গে মিল থাকাটা অবশ্যই আমাদের এই ডাকনাম নিতে উৎসাহিত করেছে।”
