সৌরজগতের ভবিষ্যত কেমন, দেখাল শ্বেত বামনের জোড়া বলয়
এর আগে ২১টি শ্বেত বামন শনাক্ত হয়েছিল, যেগুলোর সবকটিতেই একটি বলয় ছিল। নতুন পর্যবেক্ষণে দুটি আলাদা রিংয়ের কথা প্রথম জানা গেছে।
সূর্যের মতো তারার অন্তিম পরিণতি কেমন হতে পারে ও এর আশপাশে কীভাবে গ্রহের অবশিষ্টাংশ বলয় তৈরি করে তার এক বিস্ময়কর সন্ধান পাওয়ার দাবি করেছেন জ্যোতির্বিদরা।
রয়টার্স লিখেছে, আজ থেকে কোটি কোটি বছর পর সূর্যের জ্বালানি ফুরিয়ে যাবে ও এটা আকারে বহুগুণ প্রসারিত হয়ে ‘রেড জায়ান্ট’ বা লোহিত দানবে রূপ নেবে।
একসময় সূর্যের বাইরের বিভিন্ন অংশ ঝরে যাবে ও এর ঘন কেন্দ্রটি অবশিষ্ট থাকবে, যাকে বলে ‘হোয়াইট ডোয়ার্ফ’ বা শ্বেত বামন। সৌরজগতের কিছু গ্রহ তখন ধ্বংস হয়ে গেলেও কিছু গ্রহ হয়ত টিকে থাকতে পারে।
গবেষকরা সম্প্রতি এমন এক শ্বেত বামন তারা খুঁজে পেয়েছেন, যার আশপাশে অস্বাভাবিক বিন্যাসে গ্রহের বিভিন্ন ধ্বংসাবশেষ ঘুরপাক খাচ্ছে। সুদূর ভবিষ্যতে সৌরজগতের সম্ভাব্য পরিণতির এক ঝলক এ আবিষ্কার থেকে মিলতে পারে।
এর আগে দেখা একইরকম তারার মতো নয়, বরং এ নতুন আবিষ্কৃত শ্বেত বামনকে ঘিরে থাকা ধ্বংসাবশেষের ডিস্কটি দুটি আলাদা রিং বা বলয় নিয়ে গঠিত।
গবেষকরা বলেছেন, তারা ধ্বংসের সেই চরম ও সহিংস মুহূর্তগুলো কাটিয়ে রিং দুটির ভেতরে রয়ে যাওয়া দুটি গ্রহ বা অপেক্ষাকৃত ছোট কোনো পাথুরে বস্তুর প্রভাবেই এসব বলয় তৈরি হতে পারে।
‘জে ১৩২৮-১৪৫০’ নামের শ্বেত বামনটি পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে মিল্কি ওয়ের ‘ভার্গো’ তারামণ্ডলে অবস্থিত। এক আলোকবর্ষ মানে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে, যা ৯.৫ ট্রিলিয়ন কিলোমিটার।
‘ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি’র চিলিতে অবস্থিত ‘ভেরি লার্জ টেলিস্কোপ’-এর মাধ্যমে এই পর্যবেক্ষণ চালানো হয়েছে।
এ আবিষ্কারের আগে জ্যোতির্বিদরা আশপাশে ধ্বংসাবশেষ রয়েছে এমন ২১টি শ্বেত বামন শনাক্ত করেছিলেন, যেগুলোর সবকটিতেই একটি বলয় ছিল। তবে নতুন পর্যবেক্ষণে দুটি আলাদা রিংয়ের কথা প্রথম জানা গেল।
গবেষণাটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘নেচার অ্যাস্ট্রোনমি’তে।
এ গবেষণার অন্যতম লেখক ও চিলির ‘ফেদেরিকো সান্তা মারিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি’র জ্যোতির্বিদ ফেলিপ লাগোস-ভিলচেস বলেছেন, “এর থেকে ইঙ্গিত মেলে, একটি গ্রহমণ্ডলের অবশিষ্ট অংশ আমরা আগে যতটা ভেবেছিলাম তার চেয়ে বেশি জটিল কাঠামোর হতে পারে।
“এ ছাড়া কোনো তারার শ্বেত বামনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটিতেও যে গ্রহের পাথুরে বস্তুগুলো টিকে থাকতে পারে সেই ধারণাকে এটা আরও জোরালোভাবে সমর্থন করে।”
শ্বেত বামনটির ভর সূর্যের ভরের প্রায় ৪৭ শতাংশ, যা পৃথিবীর সমান একটি ব্যাসের মধ্যে ঘনভাবে সংকুচিত রয়েছে।
টিকে থাকা এ গ্রহের অবশিষ্টাংশগুলো বড় ও ক্ষতিগ্রস্ত কোনো গ্রহের অংশবিশেষ হতে পারে। যার মধ্যে একটির আকার বামন গ্রহ প্লুটোর কাছাকাছি হতে পারে ও অন্যটি এর চেয়ে ছোট।
জ্যোতির্বিদ লাগোস-ভিলচেস বলেছেন, মূল তারাটি নাটকীয়ভাবে প্রসারিত হয়ে রেড জিয়ান্টে পরিণত হওয়ার আগে সম্ভবত সেটিতে একটি গ্রহমণ্ডল ছিল। ওই সময় ভেতরের দিককার কিছু গ্রহ বিলীন হয়ে গেলেও দূরের কক্ষপথে থাকা গ্রহগুলো টিকে যায়।
“গ্রহমণ্ডলটি সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়নি। টিকে থাকা কিছু পাথুরে বস্তু মহাকর্ষীয় টানে উপবৃত্তাকার কক্ষপথে চলে আসে, যা সেগুলোকে শ্বেত বামনের কাছাকাছি নিয়ে এসেছিল।”
“যেসব বস্তু যথেষ্ট কাছাকাছি চলে এসেছিল, সেগুলো শ্বেত বামন তারার মহাকর্ষীয় বলের টানে ভেঙে টুকরা টুকরা হয়ে যায়।
“এদের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে ধূলিকণা ও গ্যাসে ভরা একটি ধ্বংসাবশেষ বলয়ে। তবে এ ধ্বংসাবশেষের ভেতরে তুলনামূলক বড় দুটি পাথুরে বস্তু টিকে থাকতে পারে।”
এই দুটি বস্তুর উপস্থিতি পারিপার্শ্বিক উপাদানগুলোকে জোড়ায় জোড়ায় সমকেন্দ্রিক গ্যাসীয় বলয়ে বিন্যস্ত করতে সাহায্য করেছে।
জ্যোতির্বিদ লাগোস-ভিলচেসের ভাষ্য, “অভ্যন্তরীণ বলয়ের তুলনায় বাইরের বলয়ে ম্যাগনেসিয়ামের পরিমাণ বেশ কম। এর মানে হচ্ছে, যেসব বস্তু ভিন্ন কোনো আদি উৎস থেকে এসেছে বা শ্বেত বামন তারার শক্তিশালী মহাকর্ষ ক্ষেত্রের খুব কাছে চলে গেছে, সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে কোনো পাথুরে দেহের ভিন্ন ভিন্ন স্তর থেকে এগুলোর উৎপত্তি হয়ে থাকতে পারে।”
ভবিষ্যতের এক ঝলক
জ্যোতির্বিদ লাগোস-ভিলচেস বলেছেন, আজ থেকে ৫০০ কোটি বছর পর সূর্য এক রেড জিয়ান্টে পরিণত হবে।
“সূর্য একসময় এর বাইরের স্তরগুলো হারিয়ে এক হোয়াইট ডোয়ার্ফ বা শ্বেত বামনে পরিণত হবে। ফলে আমাদের সৌরজগতের ওপর এর প্রভাব পড়বে। প্রসারিত সূর্যের পেটে চলে যেতে পারে বুধ ও শুক্র গ্রহ।
“তবে এই পর্যায়ে পৃথিবীও গ্রাস হবে কি না তা নিয়ে এখনও স্পষ্ট কোনো ঐকমত্য তৈরি হয়নি। তবে বাইরের গ্রহগুলোর পরিণতি কিছুটা ভিন্ন। বৃহস্পতি, শনি ও তুলনামূলক দূরের বিভিন্ন বস্তুর টিকে থাকার সম্ভাবনা বেশি।”
সূর্য শ্বেত বামনে পরিণত হওয়ার পর টিকে থাকা গ্রহের অবশিষ্টাংশ, চাঁদ ও গ্রহাণুগুলো পর্যাপ্ত পরিমাণে শ্বেত বামনের কাছাকাছি চলে এসে পরবর্তীতে মহাকর্ষীয় টানে ছিন্নভিন্ন হয়ে যেতে পারে।
লাগোস-ভিলচেস বলেছেন, “জে ১৩২৮-১৪৫০ শ্বেত বামনটিকে ঘিরে থাকা ধ্বংসাবশেষের বলয় আমাদের নিজস্ব সৌরজগতের দূরবর্তী ভবিষ্যতের সম্ভাব্য ধাপের ইঙ্গিত দিতে পারে।”
