সূর্যের সবচেয়ে কাছের গ্রহে পৌঁছাল ইউরোপ-জাপানের মহাকাশযান
আয়তনে চাঁদের চেয়ে ৫০ শতাংশ বড় হলেও গ্রহটির ভর চাঁদের চার গুণ। এটা এত ঘন কেন সেটাও খতিয়ে দেখবে এই অভিযান।
আট বছরের দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রা শেষে ইউরোপ ও জাপানের যৌথ মহাকাশযান সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধে পৌঁছেছে।
২০১১ থেকে ২০১৫ সালে নাসার ‘মেসেঞ্জার’ অভিযানের পর এটাই ‘বেপিকলম্বো’ নামের মহাকাশযানটির দ্বিতীয় কোনো মিশন, যা সৌরজগতের সবচেয়ে ভেতরের এই গ্রহটির কক্ষপথে প্রবেশ করল।
শরিবার ইউরোপীয় মহাকাশ সংস্থা বা ইএসএ বলেছে, ইউরোপের তৈরি একটি মডিউল সফলভাবে বুধের কক্ষপথে প্রবেশ করেছে, যার মধ্য দিয়ে কয়েক মাসব্যাপী জটিল কৌশলগত ধাপের সূচনা হল।
এর দুটি বৈজ্ঞানিক প্রোব বা অনুসন্ধানী যান রয়েছে। এর মধ্যে একটি ইএসএ ও অন্যটি জাপান ‘অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি’ বা জাক্সা’র তৈরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ দুটি আলাদা হয়ে যাবে। ফলে প্রতিটি যান ভিন্ন উচ্চতায় নিজ নিজ কক্ষপথে ঘুরে কাজ করবে।
বুধের পথে যাত্রাকালে মহাকাশযানটি এর ভেতরে থাকা কিছু যন্ত্রপাতি পরীক্ষা করে দেখার সুযোগ পেয়েছিল।
মিশনের বিজ্ঞানীরা এর এক্স-রে ক্যামেরা ‘মারকিউরি ইমেজিং এক্স-রে স্পেকট্রোমিটার’ বা এমআইএক্সএস’কে ‘ক্র্যাব নেবুলা’র দিকে তাক করেছিলেন, যা ১০৫৪ সালে পৃথিবী থেকে দেখা যাওয়া একটি সুপারনোভার অবশিষ্টাংশ।
বেপিকলম্বো অভিযানের অন্যতম প্রধান বিজ্ঞানী ও যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ লিস্টার’-এর প্লাজমা পদার্থবিদ এমা বান্স বলেছেন, আন্তঃগ্রহ অভিযানে পাঠানো প্রথম এক্স-রে ইমেজিং ডিভাইস হচ্ছে এই এমআইএক্সএস।
এ অভিযানের খরচ প্রায় ১৬০ কোটি ইউরো। এই অর্থ ব্যয়ের মার্ধ্যমে গবেষকরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর পাওয়ার আশা করছেন। এর মাধ্যে রয়েছে, সূর্যের এত কাছে কীভাবে বুধ গঠিত হল, কেন এর চৌম্বকক্ষেত্র রয়েছে ও এর স্থায়ীভাবে ছায়াঘেরা গর্তগুলোতে লুকিয়ে থাকা বরফ কী দিয়ে তৈরি।
এই প্রকল্পে ২০ বছর ধরে কাজ করা ‘ইউনিভার্সিটি অফ লিস্টার’-এর অধ্যাপক এমা বান্স বলেছেন, “আমরা ভীষণ উচ্ছ্বসিত, অনেক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে।”
বুধে পৌঁছানোয় বেশ কিছু অস্বাভাবিক জটিলতা রয়েছে। গ্রহটি সৌরজগতের কেন্দ্রের কাছাকাছি হওয়ায় মহাকাশযানের ওপর সূর্যের মাধ্যাকর্ষণ বেড়ে যায় ও সোজা পেরিয়ে যাওয়া এড়াতে দীর্ঘ সময় ধরে গতি কমানোর বা ব্রেকিংয়ের কাজ করতে হয়।
এমআইএক্সএস যন্ত্রের প্রধান গবেষক বান্স বলেছেন, “এটা জটিল ও চ্যালেঞ্জিং একটি অভিযান।”
যন্ত্রটি গ্রহটির পৃষ্ঠের ভূ-রাসায়নিক গঠন বিশ্লেষণ করবে। বিজ্ঞানীওদের বুধ পর্যবেক্ষণ শুরু করতে আরও কয়েক মাস সময় লাগবে। ডিসেম্বরের শুরুতে মহাকাশযানটি দুটি অরবিটারে বিভক্ত হবে, যার একটি ইউরোপীয় ও অন্যটি জাপানি।
এসব যান গ্রহটির ভিন্ন দুটি মেরু কক্ষপথে পৌঁছানোর কৌশলগত অবস্থানে যাবে। আগামী বছরের এপ্রিলে বিজ্ঞানভিত্তিক কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
‘মারকিউরি প্ল্যানেটারি অরবিটার’ বা এমপিও নামের ইউরোপীয় মহাকাশযানটি উচ্চ রেজুলিউশনে গ্রহটির পৃষ্ঠ ও গঠন মানচিত্রায়ন করবে ও এর অস্বাভাবিকভাবে বড় কেন্দ্র বা কোর সম্পর্কে ধারণা পেতে বুধের অভ্যন্তরভাগ নিয়ে গবেষণা করবে।
অন্যদিকে, এর জাপানি অংশটি গ্রহটির চৌম্বকক্ষেত্র ও এর সোডিয়াম এক্সোস্ফিয়ার পরিমাপ করবে, যা গ্রহটিকে ঘিরে থাকা গ্যাস ও পরমাণুর পাতলা একটি স্তর।
আয়তনে চাঁদের চেয়ে মাত্র ৫০ শতাংশ বড় হলেও বুধের ভর চাঁদের চার গুণ। এই শিলাখণ্ডটি এত ঘন কেন সেটাও খতিয়ে দেখবে এই অভিযান।
ইউরোপীয় মহাকাশ সংস্থায় বেপিকলম্বোর প্রধান প্রকল্প বিজ্ঞানী অধ্যাপক জেরেইন্ট জোন্স বলেছেন, মহাকাশযানটির আট বছরের যাত্রায় বৈজ্ঞানিক ফলাফলের প্রত্যাশাই সবাইকে উৎসাহিত রেখেছিল।
“আমরা বিপুল পরিমাণ তথ্য জানার আশা করছি; গ্রহটির অভ্যন্তরভাগ, পৃষ্ঠ ও এর আশপাশের মহাকাশসহ সব দিক নিয়ে গবেষণা করতে দুটি মহাকাশযানে আরও শক্তিশালী যন্ত্রপাতি নিয়ে যাওয়া হচ্ছে।”
নিজের অক্ষের ওপর একবার ঘুরতে এই ক্ষুদ্র গ্রহটির পৃথিবীর হিসেবে ৫৮ দিন সময় লাগে। এর মানে হচ্ছে পৃষ্ঠের যেকোনো নির্দিষ্ট স্থানে তিন মাস দিনের আলো এবং এরপর তিন মাস রাত থাকতে পারে।
সূর্য থেকে এর দূরত্ব পৃথিবীর দূরত্বের এক-তৃতীয়াংশের সামান্য বেশি, কেবল ৩ কোটি ৬০ লাখ মাইল। দিনে ভূপৃষ্ঠের তাপমাত্রা ৪৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, আর রাতে তা নেমে আসে মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে।
জোন্স বলেছেন, “পৃষ্ঠ নিয়ে গবেষণার জন্য বিস্তৃত তরঙ্গদৈর্ঘ্যের ক্যামেরার পাশাপাশি আমরা গ্রহটির আশপাশের গ্যাস পরীক্ষা, চৌম্বকক্ষেত্র শনাক্ত, অতিসংবেদনশীল যন্ত্রের মাধ্যমে অভ্যন্তরভাগ অনুসন্ধান করব ও লেজারের সাহায্যে পুরো গ্রহটির আকৃতির মানচিত্র তৈরি করব।”
মহাকাশযানগুলো প্রায় তিন বছর বুধকে প্রদক্ষিণ করবে বলে আশা করা হচ্ছে। এরপর সেগুলোর জ্বালানি ফুরিয়ে যাবে, উচ্চতা কমে আসবে ও শেষ পর্যন্ত গ্রহটির পৃষ্ঠে আছড়ে পড়বে। দুঃখজনকভাবে, এগুলো আর ফিরে আসছে না।”
