২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’।

শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামফলক উন্মোচন

শিকাগো শহরে রোববার ‘খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন করা হয়। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Nov 2026, 10:06 AM

Updated : 23 Nov 2026, 10:06 AM

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার নামে একটি সড়কের নামফলক উন্মোচন করা হয়েছে।

স্থানীয় সময় রোববার দুপুরে এক অনুষ্ঠানে শিকাগো সিটির অ্যালডারম্যান (কাউন্সিলম্যান) গিলবার্ট ভিলেগাস নামফলক উন্মোচন করেন।

উইলিস টাওয়ারের কাছে আপার ওয়াকার ড্রাইভের একটি অংশের নামকরণ করা হয়েছে ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’। বাংলাদেশের খ্যাতিমান স্থপতি এফ আর খানের নকশায় নির্মিত উইলিস টাওয়ারের (সাবেক সিয়ার্স টাওয়ার) পাশেই সড়কটির অবস্থান।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার অবদানকে স্মরণীয় করে রাখতে গত ২৩ সেপ্টেম্বর নামকরণের প্রস্তাবটি উত্থাপন করেন গিলবার্ট ভিলেগাস। সেই প্রস্তাবের ভিত্তিতে সড়কটির নতুন নামকরণ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেন, জীবন ও সংগ্রামের মধ্য দিয়ে খালেদা জিয়া প্রমাণ করেছেন—ক্ষমতা ক্ষণস্থায়ী হলেও আদর্শ, সততা, দেশপ্রেম ও আত্মত্যাগের মহিমা চিরস্থায়ী। এ কারণেই বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে খালেদা জিয়া ‘দেশনেত্রী’ ও ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে আছেন।

অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গিয়াস আহমেদ বলেন, শিকাগোর মতো বিশ্বখ্যাত শহরে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ শুধু একজন মহান নেত্রীর প্রতি সম্মান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য ঐতিহাসিক গৌরবের মুহূর্ত।

Image

শিকাগোতে ‘খালেদা জিয়া ওয়ে’র নামফলক উন্মোচন অনুষ্ঠানে রাষ্ট্রদূতসহ অতিথিরা। ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তিনি বলেন, “স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে এক-এগারোর রাজনৈতিক সংকট এবং দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক।

“গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়েছেন, কারাবরণ করেছেন; কিন্তু অন্যায় ও স্বৈরশাসনের সঙ্গে কখনো আপস করেননি।”

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা বলেন, খালেদা জিয়ার আদর্শ ও গণতন্ত্রের জন্য তার আপসহীন সংগ্রাম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

শিকাগো বিএনপির সভাপতি শাহ মোজাম্মেল নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে শিকাগোর বাংলাদেশি কমিউনিটির সদস্য, রাজনৈতিক ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।