মৃত্যুবার্ষিকীতে স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতাকে স্মরণ
দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে অধ্যাপক এমএ হান্নান ফিরোজকে স্মরণ করা হয়।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক এমএ হান্নান ফিরোজের নবম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দোয়া মাহফিল, বৃক্ষরোপণ, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারতসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
স্মরণ অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক শরীফ নাফে আস-সাবের বলেন, “অধ্যাপক এমএ হান্নান ফিরোজ ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সমাজসেবক ও পরোপকারী ব্যক্তিত্ব। বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার এবং মানসম্মত শিক্ষার সুযোগ সম্প্রসারণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।
“তার স্বপ্ন, নিষ্ঠা ও দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন ঘটেছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রতিষ্ঠা ও ক্রমবিকাশে।”
অনুষ্ঠানে রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, ডেপুটি রেজিস্ট্রার মো. ফারুক কবির উদ্দিন, প্রক্টর অধ্যাপক মৃত্যুঞ্জয় আচার্য্য, জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক ও শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা তামান্না জেরিন উপস্থিত ছিলেন।
