ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্সের ডিরেক্টর শহীদুল ইসলাম
একইসঙ্গে তিনি কোম্পানির ম্যানেজমেন্ট কমিটির সদস্যের দায়িত্বও পালন করবেন।
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড সাসটেইনেবিলিটি বিভাগের ডিরেক্টরের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম।
মঙ্গলবার ইউনিলিভারের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার থেকে তার এ দায়িত্ব কার্যকর হয়েছে। একইসঙ্গে তিনি কোম্পানির ম্যানেজমেন্ট কমিটির সদস্যের দায়িত্বও পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করপোরেট অ্যাফেয়ার্স, সরকারি ও বহির্সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সম্পর্ক, কৌশলগত যোগাযোগ, নীতিগত বিষয়ে অ্যাডভোকেসি এবং করপোরেট সাসটেইনেবিলিটিসহ বিভিন্ন ক্ষেত্রে ২০ বছরেরও বেশি সময়ের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে শহীদুল ইসলামের। ইউনিলিভার বাংলাদেশে যোগদানের আগে তিনি সিনজেনটা বাংলাদেশে একই পদে দায়িত্ব পালন করেন।
পাশাপাশি তিনি সিনজেনটা বাংলাদেশের বোর্ড ও কান্ট্রি লিডারশিপ টিমের সদস্য ছিলেন। এর আগে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশে হেড অব এক্সটার্নাল রিলেশনস হিসেবে দায়িত্ব পালন করেন
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক রুহুল কুদ্দুস খান বলেন, “করপোরেট অ্যাফেয়ার্স, অংশীজন ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন বিষয়ে শহিদুল ইসলামের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পরিবর্তনশীল ব্যবসায়িক ও নিয়ন্ত্রক পরিবেশ সম্পর্কেও তার গভীর ধারণা রয়েছে।
“তাকে ইউনিলিভার বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আশা করি, তার নেতৃত্ব ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং অংশীজনদের জন্য দীর্ঘ মেয়াদে সুফল বয়ে আনবে।”
