১৬ নভেম্বর ২০২৬, ০১ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ

নতুন মেয়াদে আগামী দুই বছরও বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার প্রধানের দায়িত্বে থাকবেন তিনি।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসি চেয়ারম্যান জয় শাহ

জয় শাহ। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 16 Nov 2026, 04:20 PM

Updated : 16 Nov 2026, 04:20 PM

আগামী দুই বছরও আইসিসি প্রধানের দায়িত্ব পালন করবেন জয় শাহ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয় মেয়াদে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তিনি।

জয় শাহর নতুন এই মেয়াদে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি। এরপর লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালের অলিম্পিকসে ক্রিকেটের প্রত্যাবর্তন আয়োজনেও ভূমিকা রাখবে সংস্থাটি।

গত সপ্তাহান্তে ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির পরিচালকদের সভায় চেয়ারম্যান হিসেবে ৩৮ বছর বয়সি জয় শাহর নাম প্রস্তাব করা হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব জয় শাহ বলেছেন, আবার এই দায়িত্ব পেয়ে তিনি ‘গভীরভাবে সম্মানিত’ বোধ করছেন।

“আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা একই সঙ্গে সম্মানের ও দায়িত্বের বিষয়। বিশ্বজুড়ে ক্রিকেট এগিয়ে নিতে সদস্যদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতিতে আমি অবিচল।

“খেলাটির ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর সময়ে আমরা প্রবেশ করছি। লস অ্যাঞ্জেলসে ২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেটের প্রত্যাবর্তন নতুন দর্শকদের কাছে আমাদের খেলাকে পরিচিত করার এবং নতুন প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করার অসাধারণ সুযোগ এনে দিয়েছে।”

২০২৪ সালের আগস্টে প্রথমবার আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হন জয় শাহ। তখন এই পদে দায়িত্ব নেওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি ছিলেন তিনি। এর আগে আইসিসির অর্থ ও বাণিজ্যবিষয়ক কমিটির (এফঅ্যান্ডসিএ) প্রধানের দায়িত্ব পালন করেন তিনি।

বালিতে অনুষ্ঠিত আইসিসির সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০৩১ সাল পর্যন্ত ৯ দল নিয়েই হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। আসছে অলিম্পিকসের পুরুষ ক্রিকেটের বাছাইপর্বের টি-টোয়েন্টি ম্যাচগুলো আয়োজন করবে বাংলাদেশ, নারী বিভাগের বাছাই হবে যুক্তরাষ্ট্রে।

এ ছাড়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বের কাঠামোতেও পরিবর্তন আনা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সুপার সিক্স পর্ব।