যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ বৃত্তি দেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থী।
উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় এ বৃত্তি দেওয়া হচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্ববিদ্যালয় দুটির মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সমঝোতা অনুযায়ী, উচ্চশিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে বিশ্ববিদ্যালয় দুটি। বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে অগ্রাধিকার ভিত্তিতে সহযোগিতা করবে ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের পাঁচ শিক্ষার্থীকে সম্পূর্ণ অর্থায়নে বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন বিশ্ববিদ্যালয়টি।
সমঝোতা স্মারকের আওতায় পাঠ্যক্রম ও পাঠ্যসূচি সংস্কারের পাশাপাশি বিভিন্ন বিষয়ে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করবে বিশ্ববিদ্যালয় দুটি।
বিষয়গুলোর মধ্যে রয়েছে অকুপেশনাল সায়েন্স, ক্লিনিক্যাল ল্যাব সায়েন্স, তথ্যপ্রযুক্তি, ব্যবসায় প্রশাসন, সাইবার নিরাপত্তা, হসপিটালিটি ম্যানেজমেন্ট, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রয়োগ।
