স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল চাকরি মেলা
এতে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে।
দুই যুগ বাদে বড় পরিসরে চাকরির মেলা আয়োজনের কথা জানিয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
শনিবার ক্যাম্পাসে এ মেলা অনুষ্ঠিত হয় বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারাহনাজ ফিরোজ ও উপাচার্য অধ্যাপক শরিফ নাফে আস-সাবের এ মেলা উদ্বোধন করেন। এতে ৪০টির বেশি দেশি-বিদেশি ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
স্টামফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, ক্যাম্পাসজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের জন্য এক হাজারের বেশি চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের কেউ সরাসরি সিভি জমা দেন, কেউ প্রতিষ্ঠানগুলোর নিয়োগপ্রক্রিয়া, প্রয়োজনীয় দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের সম্ভাবনা সম্পর্কে তথ্য নেন।
একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানের মানবসম্পদ ও করপোরেট প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় শিক্ষার্থীরা নিজেদের ক্যারিয়ার পরিকল্পনা সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পান।
জেসিআই ডিপ্লোম্যাটস, জেসিআই ঢাকা হেরিটেজ ও জেসিআই ঢাকা ইমপ্যাক্টের সহযোগিতায় এ মেলা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি)।
