স্যাটেলাইটে হামলার মহড়ায় থাকতে পারে রাশিয়া, বিশেষজ্ঞদের শঙ্কা
ইউক্রেইনকে সহায়তাকারী পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটগুলো রাশিয়ার পাল্টা আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে বলে এর আগেও একাধিকবার সতর্কবার্তা দিয়েছে মস্কো।
মহাকাশে সামরিক আধিপত্য বিস্তারের লড়াইয়ে উত্তেজনা আরও বড়াতে পারে। পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের কাছাকাছি রুশ মহাকাশযানের উপস্থিতি নিয়ে নতুন করে দেখা দিয়েছে হামলার শঙ্কা।
রয়টার্স লিখেছে, গেল মাসে এক পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটের জন্য বিপজ্জনকরকম কাছাকাছি চলে এসেছিল রাশিয়ার একটি সামরিক স্যাটেলাইট।
একজন সামরিক মহাকাশ বিশেষজ্ঞের দাবি, এটা সম্ভাব্য কোনো আক্রমণের মহড়া হতে পারে। বর্তমানে রাশিয়ার দুটি মহাকাশযান পশ্চিমা স্যাটেলাইটের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
অক্টোবরের মাঝামাঝি ঘটে যাওয়া ওই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ যুক্তরাষ্ট্রের ‘আন্ডার সেক্রেটারি অফ স্টেট’ টমাস ডিনানো বলেছেন, রাশিয়ার সামরিক স্যাটেলাইট ‘কসমস ২৬১২’ পরিকল্পিতভাবে এক বাণিজ্যিক স্যাটেলাইটের বিপজ্জনক কাছাকাছি অবস্থান নিয়েছে।
তার ভাষ্য, এই ধরনের আচরণ কক্ষপথে অস্ত্র পরিচালনার কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রাশিয়ার স্যাটেলাইটের মুখে পড়া ‘এক্স৩৬’ নামের স্যাটেলাইটটি পরিচালনা করে ‘আইসিইওয়াইই ইউএস’। এটা ফিনল্যান্ডভিত্তিক ‘আইসিইওয়াইই’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান, যা ইউক্রেইনসহ বিভিন্ন পশ্চিমা দেশের সরকার ও সামরিক বাহিনীকে রেডার ইমেজ বা স্যাটেলাইট চিত্র সরবরাহ করে।
এ ঘটনাকে নিম্ন কক্ষপথে কোনো বাণিজ্যিক স্যাটেলাইটের কাছে রাশিয়ান সামরিক মহাকাশযানের সবচেয়ে বিপজ্জনক অবস্থানের অন্যতম উদাহরণ হিসেবে বর্ণনা করেছেন তিন মহাকাশ বিশেষজ্ঞ।
যুক্তরাষ্ট্রের সামরিক মহাকাশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া কোম্পানি ‘ইন্টিগ্রিটি আইএসআর’-এর জ্যেষ্ঠ মহাকাশ বিশ্লেষক গ্রেগ গিলিংগার বলেছেন, “বিষয়টি দেখে কোনো আক্রমণের মহড়া বলেই মনে হচ্ছে।
“অন্য কোনো দেশের স্যাটেলাইটকে এভাবে হুমকির মুখে ফেলার ক্ষেত্রে এটাই রাশিয়ার সবচেয়ে আগ্রাসী পদক্ষেপ।”
এ নিয়ে রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
তবে ইউক্রেইনকে সহায়তাকারী পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটগুলো তাদের পাল্টা আক্রমণের বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে এর আগেও একাধিকবার সতর্কবার্তা দিয়েছে মস্কো।
অন্যদিকে, ‘আইসিইওয়াইই ইউএস’-এর প্রধান অ্যান স্টিভেন্স বলেছেন, ‘এক্স৩৬’ স্যাটেলাইটটি বরাবরের মতো কাজ করে যাচ্ছে ও যে কোনো সাময়িক বিঘ্ন ঘটার পরিস্থিতি ঠেকাতে তাদের রেডার-ইমেজিং স্যাটেলাইট নেটওয়ার্ক সম্পূর্ণ প্রস্তুত।
মহাকাশে বাড়ছে উত্তেজনা
বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্কগুলো বর্তমানে সামরিক কার্যক্রমে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তবে সাম্প্রতিক ঘটনাটি সেই স্যাটেলাইটগুলোর নিরাপত্তাহীনতাকে নতুন করে সামনে নিয়ে এল।
গেল কয়েক মাস ধরেই ‘আইসিইওয়াইই’-এর স্যাটেলাইটগুলোর আশপাশে রাশিয়ার রহস্যজনক গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে।
পশ্চিমা কর্মকর্তারা বলছেন, এই ধরনের তৎপরতায় স্পষ্ট ইঙ্গিত মেলে, রাশিয়া বাণিজ্যিক স্যাটেলাইট নেটওয়ার্কগুলোকে হুমকি বা বিঘ্নিত করার সক্ষমতা পেয়েছে,যার মধ্যে ইলন মাস্কের স্পেসএক্সও রয়েছে।
নিয়মিত রুশ স্যাটেলাইটগুলোর গতিবিধি পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা ও মহাকাশ বিশ্লেষক গ্রেগ গিলিংগার বলেছেন, রাশিয়ার ‘কসমস ২৬১২’ সরাসরি আঘাতের সক্ষমতা পরীক্ষা করছে বলে মনে হচ্ছে। কারণ, কেবল তথ্য সংগ্রহে ব্যাঘাত ঘটানোর জন্য কোনো স্যাটেলাইটের এত কাছাকাছি যাওয়ার প্রয়োজন হয় না।
যুক্তরাষ্ট্রের মহাকাশ সংক্রান্ত তথ্যবিশ্লেষক কোম্পানি ‘স্লিংশট অ্যারোস্পেস বলেছে, নথিপত্রে ‘কসমস ২৬১২’কে ‘সার্ভিসিং ইন্সপেকশন স্যাটেলাইট’ হিসেবে দেখানো হয়েছে। এ বছরের এপ্রিলে রাশিয়া যে ছয়টি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিল, এটা তার একটি।
মহাকাশ বিশ্লেষকরা বলছেন, মে মাসেই রাশিয়া তাদের চারটি স্যাটেলাইটকে আইসিইওয়াইই-এর ‘এক্স৩৬’-এর কাছাকাছি নিয়ে যায়।
সেপ্টেম্বর ‘আইসিইওয়াইই’-এর প্রধান নির্বাহী রাফাল মোদ্রজেভস্কি বলেছেন, এ ঘটনার পর তারা স্যাটেলাইটটির অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন, যা পরবর্তীতে রাশিয়ার দিক থেকে আরও কিছু পাল্টা কৌশলগত পদক্ষেপের জন্ম দিয়েছে।
মহাকাশ বিশ্লেষকদের হিসাব বলছে, অক্টোবরের শুরুতে কসমস ২৬১২ নিজেকে এক্স৩৬-এর কয়েকশ কিলোমিটার পেছনে নিয়ে যায়।
এরপর কেবল কয়েক দিনের মধ্যে তা দ্রততম সময়ে দূরত্ব কমিয়ে আনে ও অক্টোবরের মাঝামাঝি সময়ে এক্স৩৬-এর কেবল ১ কিলোমিটারের মধ্যে চলে আসে। কোনো কোনো বিশ্লেষকের মতে, এই দূরত্ব ছিল কেবল কয়েকশ মিটার বা এরও কম।
গিলিংগার বলেছেন, এ প্রক্রিয়ার পর কসমস ২৬১২ আবার প্রায় ৪০০ কিলোমিটার দূরে সরে যায়। তবে একই সিরিজের আরও দুটি রুশ সামরিক স্যাটেলাইট এখন আইসিইওয়াইই-এর অন্য মহাকাশযান ‘এক্স৩৭’-এর কক্ষপথের দিকে এগোচ্ছে।
মহাকাশ পর্যবেক্ষণকারী মার্কিন কোম্পানি ‘কমসপক’ও বিষয়টি নিশ্চিত করে বলেছে, দুটি রুশ স্যাটেলাইট এক্স৩৭-এর কাছাকাছি যাওয়ার উপযুক্ত অবস্থানে পৌঁছাচ্ছে। সরকারি ক্যাটালগ অনুসারে, এক্স৩৬ ও এক্স৩৭ দুটিই যুক্তরাষ্ট্রে নিবন্ধিত।
এ বিষয়ে জার্মানির স্পেস কমান্ডার মেজর জেনারেল মাইকেল ট্রাউট বলেছেন, মহাকাশযানের মেকানিকাল সক্ষমতার ওপর ভিত্তি করে কসমস ২৬১২-এর মতো এই বিপজ্জনক আচরণ পরিদর্শন, নজরদারি বা সিগনাল হস্তক্ষেপের কাজে ব্যবহৃত হতে পারে।
“আমাদের সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রাখতে হবে, যার মধ্যে একটি স্যাটেলাইটের স্বাভাবিক কার্যক্রম সাময়িকভাবে অচল করে দেওয়া থেকে শুরু করে সেটা চিরতরে ধ্বংস করে দেওয়ার ঝুঁকিও অন্তর্ভুক্ত।”
এ ধরনের কৌশলগত অবস্থান গ্রহণ করা মানেই রাশিয়া আক্রমণের চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বিষয়টি তা নয় বলেও মনে করেন মাইকেল ট্রাউট। কেবল প্রকাশ্যে থাকা কক্ষপথের তথ্য দিয়ে রাশিয়ার প্রকৃত উদ্দেশ্য নিশ্চিত করা সম্ভব নয়।
বিশ্বের বিভিন্ন পরাশক্তি বর্তমানে মহাকাশে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন সম্প্রতি বলেছে, তারা কক্ষপথে অস্ত্র মোতায়েন করেছে।
অন্যদিকে, এ বছরের শুরুতে মার্কিন স্পেস কমান্ডের প্রধান বলেছিলেন, যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় নিরাপত্তার বিভিন্ন স্যাটেলাইটের কাছাকাছি এরইমধ্যে নিজস্ব মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া।
যুক্তরাজ্যের বিমানবাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও মহাকাশ বিষয়ক পরামর্শক অ্যান্ড্রু টার্নার বলেছেন, ‘এক্স৩৬’-এর প্রতি রাশিয়ার এই আচরণ কোনো উদ্দেশ্যপ্রণোদিত হামলা বা দুর্ঘটনাবশত সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে।
