ইউক্রেইন-রাশিয়ার নতুন রণক্ষেত্র এখন মাটি পেরিয়ে মহাকাশ?
ড্রোন ও যুদ্ধক্ষেত্রে সেন্সরের ব্যবহারের মাধ্যমে যে যুদ্ধ এখন রণকৌশলের নতুন সংজ্ঞা তৈরি করছে, সেখানে মহাকাশে প্রবেশ ও সেন্সরগুলোকে সচল রাখা স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
ভোলগা নদীর তীরে অবস্থিত রাশিয়ার শিল্প শহর সামারার বাসিন্দারা ইউক্রেইনীয় হামলার প্রথম আভাস পান বিকট বিস্ফোরণের শব্দ ও আকাশে উঠে যাওয়া কালো ধোঁয়ার কুণ্ডলী দেখে।
ক্রেমলিন হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে স্পষ্ট করে কিছু না বললেও ১৫ অগাস্ট ভোরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে। ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হামলার লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার ‘সয়ুজ-২’ রকেট নির্মাতা কোম্পানি ‘প্রোগ্রেস রকেট অ্যান্ড স্পেস সেন্টার’।
দুটি ‘ফ্লেমিঙ্গো’ ক্ষেপণাস্ত্র সেন্টারটির দুটি ভবনে আঘাত হানে। এর একটি ছিল ‘১০৬এ’ নামের ক্লিন রুম ভবন, যেখানে সয়ুজ উৎক্ষেপণ ব্যবস্থার মাদারবোর্ড সংযোজন করা হতো।
রাশিয়ার তেল পরিশোধনাগার ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে ইউক্রেইনের সাম্প্রতিক অন্যান্য হামলার তুলনায় সামারার এ আক্রমণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
এটি চলমান যুদ্ধের নতুন এক দিক তুলে ধরেছে। হাইব্রিড হামলা ও কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে আক্রমণের মাধ্যমে যুদ্ধের যে প্রভাব এরইমধ্যে ইউরোপজুড়ে ছড়িয়ে পড়েছিল, তা এবার মহাকাশ ক্ষেত্রেও প্রবেশ করেছে।
ড্রোন ও যুদ্ধক্ষেত্রে সেন্সরের ব্যবহার যুদ্ধের রণকৌশলে নতুন মাত্রা যোগ করছে। এ পরিস্থিতিতে মহাকাশে প্রবেশাধিকার এবং এসব কার্যক্রম সচল রাখতে স্যাটেলাইটের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একই সঙ্গে শত্রুপক্ষের মহাকাশভিত্তিক কার্যক্রম অচল করে দেওয়ার সক্ষমতা অর্জনও আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জটিল ও জরুরি হয়ে উঠেছে।
সামারায় হামলার মূল তাৎপর্য ছিল এখানেই। হামলাটি আঘাত হেনেছে সেই রকেট উৎপাদন ব্যবস্থায়, যার মাধ্যমে রাশিয়ার নতুন ‘রাসভেত’ স্যাটেলাইট ব্যবস্থা উৎক্ষেপণ করা হয়।
এ বছরের শুরুতে ইলন মাস্কের স্টারলিংক থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার পর মস্কো দ্রুত বিকল্প হিসেবে রাসভেত স্যাটেলাইট ব্যবস্থা মোতায়েনের উদ্যোগ নেয়।
এ ছাড়া, এ বছর রাশিয়ার মহাকাশ সংস্থা ‘রসকসমস’-এর অন্যান্য স্থাপনাতেও হামলা চালিয়েছে ইউক্রেইন। এসব লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে মস্কোর উত্তরে অবস্থিত বড় কমপ্লেক্স ‘করোলিওভ’ এবং ক্রিমিয়ায় রাশিয়ার দখলে থাকা ইউক্রেইনের নির্মিত একটি রেডিও টেলিস্কোপ।
তবে রাসভেত নেটওয়ার্ক দ্রুত মোতায়েনের রুশ প্রচেষ্টাই ইউক্রেইনের জন্য মহাকাশভিত্তিক একমাত্র চ্যালেঞ্জ নয়।
মস্কো অন্তত তিনবার ‘ওরেশনিক’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা প্রায়-মহাকাশে গিয়ে একাধিক স্বতন্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ওয়ারহেড ছুড়তে পারে। এ ধরনের ওয়ারহেড পারমাণবিক অস্ত্র বহনের জন্যও তৈরি।
পুরো পরিস্থিতি কিইভকে মহাকাশভিত্তিক ব্যবস্থার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্টারলিংকের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে এবং ওরেশনিকের মতো হুমকি মোকাবেলায় নতুন মহাকাশভিত্তিক প্রতিরক্ষাব্যবস্থা তৈরিতে বাধ্য করেছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেইনে স্টারলিংকের পরিষেবা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। একপর্যায়ে দেশটিতে এ সেবার ব্যবহার সীমিত করা হয়।
নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের প্রচেষ্টার অংশ হিসেবে ইউক্রেইন এরইমধ্যে প্রায়-মহাকাশে বাধা তৈরির তিনটি পরীক্ষা চালিয়েছে। এর মধ্য দিয়ে মহাকাশে নিজেদের অবস্থান নিশ্চিত করতে দ্রুত অগ্রসর হওয়া দেশগুলোর তালিকায় যুক্ত হয়েছে দেশটি।
গত মাসে এ উদ্যোগ বাস্তব রূপ পায়। ইউক্রেইন ও ডেনমার্কের প্রযুক্তি কোম্পানি ‘গমস্পেস’ যৌথভাবে জানায়, তারা ‘ওব্রিয়া ন্যানো’ স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
এটি ইউক্রেইনের নিজস্ব ও স্বাধীন যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনার একটি পরীক্ষামূলক স্যাটেলাইট। ভবিষ্যতে এ নেটওয়ার্কের আওতায় প্রায় ২৪৫টি স্যাটেলাইট মোতায়েনের পরিকল্পনা রয়েছে।
‘সবাই নিজের জন্য আলাদা স্টারলিংক চায়’
বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেইন যুদ্ধের মহাকাশে ছড়িয়ে পড়া এমন এক ক্ষেত্রের দ্রুত সামরিকীকরণের সর্বশেষ প্রমাণ, যেখানে কার্যক্রম পরিচালনার আন্তর্জাতিক চুক্তিগুলো এখনও অস্পষ্ট, পুরনো এবং কার্যকর করা কঠিন।
গত সেপ্টেম্বরে মার্কিন বিমান বাহিনীর সচিব ট্রয় মেঙ্ক প্রথমবারের মতো স্বীকার করেন, ওয়াশিংটন মহাকাশে ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা কক্ষপথে মহাকাশ নিয়ন্ত্রণের অস্ত্র মোতায়েন করেছে।
এর আগে রাশিয়ার স্যাটেলাইটগুলো নিয়মিত যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের মহাকাশযানের খুব কাছ দিয়ে উড়ে যাচ্ছে বলে খবর প্রকাশিত হয়।
এর কয়েক সপ্তাহ পর দেখা যায়, ‘কসমস ২৬১২’ নামের একটি রুশ স্যাটেলাইট ফিনল্যান্ডের ‘আইসিআই গ্রুপ’-এর পরিচালিত একটি বাণিজ্যিক রাডার স্যাটেলাইটের দিকে আগ্রাসীভাবে এগিয়ে যাচ্ছে।
আইসিআইয়ের ওই স্যাটেলাইট ইউক্রেইনীয় সামরিক বাহিনীকে ভূখণ্ডের ত্রিমাত্রিক ছবি সরবরাহ করে। বিশেষজ্ঞরা রাশিয়ার এ কর্মকাণ্ডকে পরিকল্পিত হয়রানি হিসেবে বর্ণনা করেছেন।
সুইডিশ ডিফেন্স ইউনিভার্সিটির মহাকাশ ও নিরাপত্তা বিশেষজ্ঞ ড. এলেনা গ্রসফেল্ড বলেন, “মহাকাশযুদ্ধ নিয়ে এতদিন ভবিষ্যতের বিষয় হিসেবে আলোচনা হয়েছে। কিন্তু আমরা এরইমধ্যে সেই ভবিষ্যতে প্রবেশ করেছি।”
তার মতে, বর্তমান বাস্তবতায় কৌশলগত সাফল্য অর্জনে মহাকাশ রাশিয়ার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এমন এক বিশ্বে, যেখানে স্যাটেলাইটভিত্তিক গোয়েন্দা তথ্য ও লক্ষ্যবস্তু নির্ধারণ যুদ্ধের অবিচ্ছেদ্য অংশ, সেখানে মহাকাশে এ ধরনের আক্রমণাত্মক অভিযানকে বড় ধরনের সংঘাতের সূচনা হিসেবে বিবেচনা করছে রাশিয়া।
গ্রসফেল্ড বলেন, “ইউক্রেইন যুদ্ধ শুরুর আগেই এসব শুরু হয়েছিল। মার্কিন স্পেস ফোর্সের তৎকালীন উপপ্রধান জেনারেল ডেভিড টম্পসন ২০২১ সালে বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও তাদের বিভিন্ন স্যাটেলাইটের ওপর রাশিয়া ও চীন প্রতিদিনই আক্রমণ চালাচ্ছে।
“সেসব আক্রমণ যে কেবল সরাসরি ধ্বংসাত্মক ছিল, তা নয়। তবে এখন যুদ্ধ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহ ও যোগাযোগের জন্য মহাকাশের ওপর সবার অতিরিক্ত নির্ভরতার কারণে বিষয়টি একেবারে কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।”
গ্রসফেল্ড বলেন, আইসিআইয়ের স্যাটেলাইটকে ঘিরে রাশিয়ার সাম্প্রতিক ‘হুমকি বা ভয় দেখানোর’ প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট নয়। তবে একটি সম্ভাবনা হলো, স্যাটেলাইটটিকে গতিপথ পরিবর্তনে বাধ্য করে এর জ্বালানি খরচ বাড়ানো, যাতে এর কার্যক্ষমতার মেয়াদ কমে আসে।
তবে এটিই রাশিয়ার একমাত্র কৌশল নয়। দেশটি সংকেত জ্যাম করা, স্যাটেলাইটে লেজার রশ্মি ফেলে এর কার্যক্রমে বিঘ্ন ঘটানো এবং বিদেশি মহাকাশ সম্পদের কাছাকাছি গোয়েন্দা স্যাটেলাইট স্থাপনের মতো কৌশলও ব্যবহার করেছে।
বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশ পরিচালনা, ব্যবস্থাপনা ও সেখানে অস্ত্র মোতায়েনসংক্রান্ত আন্তর্জাতিক চুক্তিগুলো সাম্প্রতিক বছরগুলোর প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মেলাতে পারছে না। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।
‘সিকিউর ওয়ার্ল্ড ফাউন্ডেশন’-এর ‘স্পেস সিকিউরিটি অ্যান্ড স্ট্যাবিলিটি’ কর্মসূচির প্রধান ভিক্টোরিয়া স্যামসন বলেন, ইলন মাস্কের ‘স্পেসএক্স’ ও জেফ বেজোসের ‘ব্লু অরিজিন’-এর মতো কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি মহাকাশে কার্যক্রম পরিচালনাকারী দেশের সংখ্যাও দ্রুত বাড়ছে।
অনেক দেশ তাদের স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য স্পেসএক্সকে বেছে নিলেও ইউক্রেইনের প্রতি ইলন মাস্কের সাম্প্রতিক পদক্ষেপ, বিশেষ করে স্টারলিংকের ডেটা সংযোগের গতি কমিয়ে দেওয়ার ঘটনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
এতে অনির্ভরযোগ্য এবং কখনো কখনো ব্যক্তিগত আদর্শের দ্বারা পরিচালিত বাণিজ্যিক উদ্যোগের ওপর নির্ভর করা কতটা যুক্তিসংগত, তা নিয়ে দেশগুলোকে নতুন করে ভাবতে হচ্ছে।
স্যামসন বলেন, “গত দশকে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে বাণিজ্যিক মহাকাশ কার্যক্রমের ক্ষেত্রে। আর সেটিই বর্তমান ইউক্রেইন সংঘাতের অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে।”
ড. গ্রসফেল্ডের মতো স্যামসনও মনে করছেন, মহাকাশকে ঘিরে মনস্তাত্ত্বিক ও কৌশলগত দ্বন্দ্বগুলো ক্রমেই আরও প্রকাশ্যে আসছে।
রাশিয়ার স্যাটেলাইট হয়রানির সাম্প্রতিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, “এটা পুরোপুরিই কৌশলগত প্রতিযোগিতার অংশ।”
“সংঘাত বাড়ার সঙ্গে সঙ্গে মহাকাশে অস্ত্র ও প্রতিরক্ষা কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র আগের চেয়ে বেশি খোলামেলাভাবে আলোচনা করছে। অন্যদিকে, রাশিয়া ও চীনও একই ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
“এরপর আসে সক্রিয় সামরিক সংঘাত বা যুদ্ধে মহাকাশকে ব্যবহারের বিষয়টি। আমরা এরইমধ্যে দেখেছি, রাশিয়া কীভাবে জিপিএস সংকেত জ্যাম করছে, যার ফলে বাল্টিক অঞ্চলজুড়ে বিমান চলাচল ব্যাহত হচ্ছে।”
“তবে স্টারলিংক বিতর্ক এবং ইউক্রেইনকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আগাম সতর্কবার্তা দিতে ব্যবহৃত মার্কিন স্যাটেলাইট তথ্য আদান-প্রদান সাময়িকভাবে বন্ধ রাখার ঘটনা বিষয়টিকে আরও স্পষ্ট করে তুলেছে।”
ইলন মাস্ক ও ট্রাম্প প্রশাসনের এমন অনির্ভরযোগ্যতার পরিণতিতে অন্যান্য দেশ বিকল্প পথ খুঁজতে বাধ্য হচ্ছে বলে মনে করেন স্যামসন।
তিনি বলেন, “রাশিয়ার রাসভেত নেটওয়ার্ক নিয়ে প্রচেষ্টার মতোই ইউরোপীয়দের পাশাপাশি এখন প্রত্যেকেই নিজেদের জন্য স্টারলিংকের বিকল্প একটি স্বতন্ত্র ব্যবস্থা গড়ে তুলতে চায়।”
ইউক্রেইনের জন্য এর অর্থ হলো, মহাকাশে নিজেদের ‘সার্বভৌম’ উপস্থিতি নিশ্চিত করা। ‘ওব্রিয়া ন্যানো’ স্যাটেলাইটের মাধ্যমে দেশটি সেই সক্ষমতা অর্জন করেছে বলে জানান ইউক্রেইনীয় সংসদীয় প্রতিরক্ষা কমিটির জাতীয় নিরাপত্তা উপকমিটির প্রধান ফেদির ভেনিসলাভস্কি।
তিনি বলেন, “যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেইনীয় বাহিনীর জন্য মহাকাশ ক্ষেত্রটি গুরুত্বপূর্ণ ছিল। সাম্প্রতিক ঘটনাগুলো সেই গুরুত্ব আরও স্পষ্ট করেছে।
“সেটা মার্কিন সরকার বা স্পেসএক্সের উদ্যোগেই হোক না কেন, আমরা ডেটা সংযোগ বিচ্ছিন্ন হতে দেখেছি, যা আমাদের সামরিক বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল ব্যবস্থাকে ঝুঁকির মুখে ফেলেছিল।”
“এখন আমাদের এই সক্ষমতাকে আরও উচ্চতায় নিয়ে যেতে হবে, বিশেষ করে শত্রুপক্ষ যখন আন্তর্জাতিক মহাকাশ থেকে ওরেশনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেইনের ভূখণ্ডে হামলার হুমকি দিচ্ছে। এই ঝুঁকি নিয়ে আমাদের অদূরদর্শী হওয়ার কোনো সুযোগ নেই।”
রাশিয়ার উৎক্ষেপণ কেন্দ্রগুলো এখন ইউক্রেইনের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লার বাইরে থাকায় বিকল্প হিসেবে প্রায়-মহাকাশ এলাকায় হামলা প্রতিরোধের তিনটি পরীক্ষা চালিয়েছে কিইভ।
ভেনিসলাভস্কি বলেন, “এটি আমাদের অগ্রাধিকারের বিষয়। আমরা এরইমধ্যে আমাদের বায়ুমণ্ডলীয় ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছি। এখন এটি উৎপাদনে নেওয়া সম্ভব কি না, তা নিয়ে কাজ করছি।”
তবে যুদ্ধের বিপুল ব্যয়ের কারণে এই প্রকল্পের অর্থায়ন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলেও স্বীকার করেন তিনি। এসব উদ্যোগের মধ্য দিয়েই মহাকাশে আধিপত্য বিস্তারের নতুন লড়াই অব্যাহত রয়েছে।
