২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত

ইউরোপীয় নেতাদের শর্ত হল, ইউক্রেইনের সঙ্গে প্রথমে একটি প্রকৃত শান্তিচুক্তি হতে হবে এবং আলোচনাটিও হতে হবে আন্তরিক।

ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত

বার্লিনে বৃহস্পতিবার ‘কোয়ালিশন অব দ্য উইলিং’সম্মেলনে ইউরোপীয় নেতারা । ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 20 Nov 2026, 11:37 AM

Updated : 20 Nov 2026, 11:37 AM

ইউক্রেইনে যুদ্ধ বন্ধে নতুন করে উদ্যোগী হচ্ছে ইউরোপ।

কিইভের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে ইউরোপীয় নেতারা বলেছেন, ইউক্রেইনের যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে তারা প্রস্তুত।

বিবিসি লিখেছে, জার্মানির রাজধানী বার্লিনে বৃহস্পতিবার ইউক্রেইনের মিত্র দেশগুলোর জোট ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর সম্মেলনে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসার ইচ্ছার কথা জানান ইউরোপীয় নেতারা।

সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নাম বলেন, “ইউরোপের একটি স্পষ্ট, ধারাবাহিক ও ঐক্যবদ্ধ আলোচনার অবস্থান রয়েছে।”

অন্যদিকে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস জোর দিয়ে বলেন, “মস্কোর ‘সর্বোচ্চ দাবি’ বাস্তবসম্মত নয়।”

তিনি বলেন, “ইউরোপ রাশিয়ার সঙ্গে ‘ইউরোপীয় নিরাপত্তা নিয়ে গুরুতর আলোচনা’ করতে প্রস্তুত। তবে এর জন্য শর্ত হল, ইউক্রেইনের সঙ্গে প্রথমে একটি প্রকৃত শান্তিচুক্তি হতে হবে এবং আলোচনাটিও হতে হবে আন্তরিক।”

মের্ৎস বলেন, “এই আলোচনা শুরু হওয়া প্রয়োজন। তবে শর্তগুলো ইউরোপ ও ইউক্রেইনের কাছে গ্রহণযোগ্য হলেই আমরা তা মেনে নেব।”

ইউক্রেইনের মিত্রদের প্রতি আহ্বান জানিয়ে সম্মেলনে উপস্থিত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বলেন, রাশিয়ার প্রাণঘাতী হামলা প্রতিহত করতে কিইভের প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহের ক্ষেত্রে তারা যেন সর্বোচ্চ প্রচেষ্টা চালবেন।

প্রেসিডেন্ট মাক্রোঁ মিত্র দেশগুলোকে ইউক্রেইনের নেটো সদস্যপদের বিষয়টি আবারও আলোচনায় আনার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিত মার্কিন বিশেষ দূত, ডনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট চান, ইউরোপকে পাশে নিয়েই রাশিয়ার সঙ্গে একটি সমঝোতায় পৌঁছতে।

ট্রাম্প চীনের শেনঝেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠক করার পর এয়ার ফোর্স ওয়ান থেকে বার্লিনের ওই সম্মেলনে ফোনে যুক্ত হন।

কুশনার সাংবাদিকদের বলেন, “শেনঝেন থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্টের ধারণা হয়েছে, শান্তি অর্জন সম্ভব।”

আশাবাদ জানিয়ে কুশনার বলেন, মার্কিন দূতদের ওপর আস্থা রেখে রাশিয়া মনে করছে, ইউরোপেরও আলোচনার টেবিলে থাকা উচিত। তার দাবি, ইউক্রেইনের নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়েও মস্কো এখন ‘স্বাচ্ছন্দ্যবোধ’ করছে।

বিবিসি লিখেছে, কুশনারের কথামত এই নিশ্চয়তার ভিত্তি হতে পারে নেটো চুক্তির ৫ নম্বর অনুচ্ছেদের আদলে একটি ব্যবস্থা। ওই অনুচ্ছেদ অনুযায়ী, নেটোর কোনো সদস্য দেশ আক্রান্ত হলে জোটের অন্য সদস্যরাও তাকে রক্ষায় এগিয়ে আসবে।

বার্লিন সম্মেলনে উপস্থিত ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দীর্ঘদিন ধরেই নেটোর যৌথ প্রতিরক্ষা ধারার সমতুল্য নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে আসছেন।

ইউক্রেইনের প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেন, “রাশিয়ার প্রেসিডেন্ট এখন পর্যন্ত প্রতিটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেছেন। সব সময়ই ‘না’ বলেছেন পুতিন।”

জেলেনস্কির কথা হল, এ ধরনের শর্ত পুতিন মেনে নেবেন–এমন কোনো স্পষ্ট ইঙ্গিত এখনো মেলেনি। ইউক্রেইনের নেটোর সদস্য হওয়ার বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করে আসছে রাশিয়া।

তাছাড়া পুতিন এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনায় ইউরোপের অংশ নেওয়ার বিষয়টিও প্রত্যাখ্যান করে আসছেন।

শেনঝেনে ট্রাম্প ও শির সঙ্গে বৈঠকের পর দীর্ঘ সংবাদ সম্মেলনে পুতিন বহুপক্ষীয় শান্তি আলোচনার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেছেন, “ইউরোপীয়দের আলোচনায় অংশ নেওয়ার সুযোগ দিতে যুক্তরাষ্ট্র ‘বারবার ও জোরালোভাবে’ রাশিয়াকে অনুরোধ করছে।”

পুতিন দাবি করেন, রাশিয়া এ ধারণার বিরোধী নয়। তবে মস্কো জানতে চায়, এই আলোচনায় ইউরোপ কী অবদান রাখবে?

তিনি বলেন, “এ কারণেই কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আমরা ইউরোপীয়দের মস্কোতে আসার আমন্ত্রণ জানিয়েছি, যাতে তাদের অবস্থান স্পষ্ট হয়। এরপরই ইউক্রেইনের সঙ্গে কী ধরনের কাঠামোতে সংলাপ চালিয়ে যাওয়া হবে, সে সিদ্ধান্ত নেব আমরা।”

এদিকে শান্তি আলোচনায় ইউরোপের অংশগ্রহণ নিয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে।

যদিও আশাবাদী জার্মান চ্যান্সেলর মনে করেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততায় শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা বাড়ছে।

বার্লিনে মের্ৎস বলেন, “যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে, আমাদের ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। আবার আমরাও জানি, যুক্তরাষ্ট্র আমাদের পাশে থাকলে শান্তির সম্ভাবনা বেড়ে যায়।”

গত সপ্তাহে মস্কো সফরের পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন, ইউরোপ শিগগিরই আলোচনার টেবিলে জায়গা পাবে।

কিন্তু রাশিয়ার কর্মকর্তারা এ বিষয়ে অনেক বেশি সতর্ক অবস্থান নিয়েছেন। পুতিনের সহযোগী ইউরি উশাকভ চলতি সপ্তাহে বলেন, “আলোচনার পরিধি বাড়ানোর আগে ‘অনেক কাজ’ করতে হবে।”

তার ইঙ্গিত হচ্ছে, চার পক্ষের মধ্যে কোনো আলোচনা শুরু হওয়ার আগে আরও কয়েক দফা বৈঠক প্রয়োজন হতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। গত এক বছরে রাশিয়া কয়েক দফা আলোচনায় অংশ নিলেও তারা ইউক্রেইনে যুদ্ধের তীব্রতা কমানোর কথা ভাবছে বলে কোনো ইঙ্গিত মিলছে না।

শীত যত ঘনিয়ে আসছে, রাশিয়া কিইভের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনাগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। রুশ হামলায় দেশটিজুড়ে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যাও বাড়ছে।

বৃহস্পতিবার বার্লিনে যখন বৈঠক হচ্ছিল, কিইভের বেশ কয়েকটি ভবনে ড্রোন হামলা চালায় রাশিয়া। তাতে প্রাণহানিও ঘটেছে।