ঐতিহাসিক ত্রিপাক্ষিক বৈঠকে মিলিত হচ্ছেন ট্রাম্প, শি, পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন, জানিয়েছিল ওয়াল স্ট্রিট জার্নাল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামী বৃহস্পতিবার এক ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হতে যাচ্ছেন।
চীনের শেনজেন শহরে এই তিন নেতা প্রথমবারের মতো একত্রিত হবেন বলে সোমবার নিশ্চিত করেছে বেইজিং।
এর আগে মস্কো ও হোয়াইট হাউজ এ বৈঠকের কথা ঘোষণা করেছিল। এবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সেটি নিশ্চিত করলেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, গত মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল যে ইউক্রেইনে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন গত মাসে এই ত্রিপক্ষীয় বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন।
শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন বা এপেক সম্মেলনের ফাঁকে তিন নেতা শীর্ষ বৈঠকে মিলিত হবেন। এর আগে বিভিন্ন সময় এই নেতারা পরস্পরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হলেও তাদের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠক নজিরবিহীন।
গত বছরের অক্টোবর থেকে শি তিনবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন আর ২০১৩ সালে প্রেসিডেন্ট হওয়ার পর থেকে পুতিনের সঙ্গে চল্লিশেরও বেশিবার সাক্ষাৎ করেছেন। অপরদিকে ট্রাম্প ও পুতিন অনেকগুলো উপলক্ষ্যে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করেছেন; এরমধ্যে ২০২৫-র অগাস্টে রাশিয়ার নেতার যুক্তরাষ্ট্রের আলস্কা সফর উল্লেখযোগ্য।
সাংহাইভিত্তিক ডেটা অ্যানালিটিক্স এবং ফিন্যান্সিয়াল কনসাল্টিং প্রতিষ্ঠান ‘জেড-বেন অ্যাডভাইজরাস’ এর ব্যবস্থাপনা পরিচালক পিটার আলেকজান্ডার বলেন, “শি জিনপিংয়ের ক্ষেত্রে, পুতিন ও ট্রাম্পকে আলোচনার টেবিলে নিয়ে আসতে পারার সক্ষমতা অনেকটা ‘সমকক্ষদের মধ্যে প্রথম’ হওয়ার মতো একটি পরিস্থিতি; এটি মূল আলোচনা শুরু হওয়ার আগেই তাকে বড় ধরনের রাজনৈতিক সুবিধা এনে দেবে।”
ট্রাম্প ইতোমধ্যেই চার দিনের এক সফরে এশিয়ার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ছেড়েছেন। তার এ সফরে ফিলিপিন্সে যাত্রা বিরতি করার কথা রয়েছে। তিনি নেতার এ বৈঠকে কী নিয়ে আলোচনা হবে তা স্পষ্ট করেনি চীন।
