পুতিনকে ইউরোপজুড়ে সামরিক তৎপরতা বন্ধের আহ্বান ট্রাম্পের
চীনের বৈঠকে ইউরোপজুড়ে সামরিক তৎপরতা বন্ধে রুশ প্রেসিডেন্টকে এই আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ইউক্রেইনের বাইরে পোল্যান্ডসহ নেটো দেশগুলোতে রুশ উসকানি থামিয়ে শান্তিচুক্তির পথ খুলতেই ট্রাম্পের এই বার্তা।
ইউক্রেইন যুদ্ধ দ্রুত সমাধানের আশায় ইউরোপজুড়ে সামরিক তৎপরতা থেকে সরে আসতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ট্রাম্প জানান, গত সপ্তাহেই তিনি পুতিনকে একথা বলেছেন।
ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপকালে আমি এ বিষয়টি নিয়েই দীর্ঘ সময় কথা বলেছি। আমি চেয়েছি প্রেসিডেন্ট পুতিন যেন ইউরোপের বিভিন্ন অঞ্চলে চলা সব ধরনের সামরিক তৎপরতা গুটিয়ে নেন, যাতে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে দ্রুত একটি শান্তিচুক্তি করা সম্ভব হয়।”
ট্রাম্প বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি এর (চুক্তির) জোরালো সম্ভাবনা রয়েছে। যুদ্ধে প্রতি মাসেই হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন, এক ভয়াবহ রক্তগঙ্গা বয়ে যাচ্ছে।”
ট্রাম্প প্রায়ই আলোচনার মাধ্যমে ইউক্রেইন যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে আসছেন। তবে তার ‘ইউরোপজুড়ে বিভিন্ন ভূখণ্ড’ কথাটি এই ইঙ্গিতই দেয় যে, তিনি ইউক্রেইনের মূল যুদ্ধক্ষেত্রের বাইরের অঞ্চলগুলোর কথাও বুঝিয়েছেন।
পুতিনকে ঠিক কোন ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে বলেছেন তা ট্রাম্প স্পষ্ট করেননি। তবে ২০২২ সালে ইউক্রেইনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে অন্যান্য দেশও মাঝেমধ্যে রাশিয়ার বিরুদ্ধে উসকানিমূলক আচরণের অভিযোগ তুলে আসছে।
নেটো জোট ভুক্ত দেশ পোল্যান্ড চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এ ছাড়া এস্তোনিয়া সম্প্রতি একটি অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা খুঁজে পেয়েছে।
ইউক্রেইন যুদ্ধ ও বৃহত্তর নিরাপত্তার বিষয় সমাধানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে চীনের শেনজেনে অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। তাছাড়া পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকেও অংশ নেন তিনি।
ট্রাম্প প্রশাসনের যুক্তি হল, দুই নেতার সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে বিশ্বে উত্তেজনা কমানো সম্ভব। তবে সমালোচকদের প্রশ্ন, এই সংঘাত বন্ধে ওয়াশিংটন রাশিয়ার ওপর যথেষ্ট চাপ প্রয়োগ করছে কিনা।
জার্মান মিডিয়া গ্রুপ অ্যাক্সেল স্প্রিংকারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের সঙ্গে এক পডকাস্ট সাক্ষাৎকারে ট্রাম্পের জামাতা ও কূটনৈতিক দূত জ্যারেড কুশনার রুশ প্রেসিডেন্ট পুতিনকে রাজনীতির গ্র্যান্ডমাস্টার এবং ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসেবে প্রশংসা করেছেন।
কুশনার যুক্তি দেন যে, ইউক্রেইন যুদ্ধ ভয়াবহ রূপ নেওয়ার ঝুঁকি থাকার পরও পারমাণবিক অস্ত্র ব্যবহার না করে পুতিন ‘সংযম’ দেখিয়েছেন। তিনি আরও বিশ্বাস করেন, পুতিন শান্তি চান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত করতে আগ্রহী।
