ইউক্রেন যুদ্ধ বিস্তৃত হয় এমন পদক্ষেপ এড়াতে রাশিয়াকে ট্রাম্প ও রুটের আহ্বান
ফ্লোরিডায় ট্রাম্প ও নেটো মহাসচিবের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং পশ্চিমা প্রতিরক্ষা জোট নেটো প্রধান মার্ক রুটে এক যৌথ বিবৃতিতে বলেছেন, ইউক্রেন যুদ্ধের আরও বিস্তৃতি ঘটায় এমন পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলা উচিত।
বুধবার ফ্লোরিডায় অনুষ্ঠিত এক বৈঠকের পর তারা এই বিবৃতি দেন। বৈঠকে তাদের মধ্যে ইরান যুদ্ধ নিয়েও আলোচনা হয়েছে।
ট্রাম্প গত সপ্তাহে এশিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন এবং তাদের প্রত্যেককে নিজের ‘বন্ধু’ বলে জাহির করেন। এরপর তিনি নেটো মহাসচিবের সঙ্গে বৈঠক করলেন। আমেরিকার রিপাবলিকান নেতা ট্রাম্প পশ্চিমা মিত্রদের সমালোচক হিসেবে পরিচিত বলে লিখেছে রয়টার্স।
যৌথ বিবৃতিতে ট্রাম্প ও রুটে বলেন, "ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে যুদ্ধের পরিধি বাড়ায় এমন যেকোনো পদক্ষেপ রাশিয়ার এড়িয়ে চলার গুরুত্ব এবং যত দ্রুত সম্ভব এই যুদ্ধের একটি শান্তিপূর্ণ সমাধান অর্জনের প্রয়োজনীয়তা নিয়েও আমরা আলোচনা করেছি।"
পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাট এবং ইউরোপীয় মিত্রদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ইউরোপীয় মিত্ররা ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন সমর্থিত আলোচনায় তাদের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছে।
ন্যাটোর ভেতরের উত্তেজনা প্রশমিত করতে এবং ট্রাম্পকে জোটে ধরে রাখার চেষ্টা চালিয়ে আসা রুটে বলেছেন, প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের মধ্যে বৈঠক হওয়াটা একটা স্বাভাবিক বিষয়।
তাদের বিবৃতি অনুযায়ী, রুটে এবং ট্রাম্প যুক্তরাষ্ট্র ও সমগ্র নেটো জোটজুড়ে প্রতিরক্ষা ব্যয় এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়েও কথা বলেছেন।
বিবৃতিতে আরও জানানো হয়, ইউক্রেন যুদ্ধ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধই ছিল দুই নেতার আলোচনার মূল বিষয়। তবে ইরান প্রসঙ্গে ঠিক কী আলোচনা হয়েছে তা জানানো হয়নি।
ট্রাম্পের সমালোচনার শিকার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, শান্তি আলোচনায় ইউরোপকে অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
ট্রাম্প প্রায়ই নেটোর ব্যয়, বাণিজ্য শুল্ক এবং ইরানের বিরুদ্ধে যুদ্ধে মিত্রদের অপর্যাপ্ত সমর্থনের অভিযোগ তুলে ওয়াশিংটনের পশ্চিমা ও গণতান্ত্রিক মিত্রদের সমালোচনা করেন।
