০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

সেনেট প্রার্থী বাছাই করলেন ট্রাম্প, খেসারত দিল রিপাবলিকানরা

ট্রাম্প এক দশকেরও বেশি সময় ধরে রিপাবলিকান পার্টিকে তার ‘মাগা’ আন্দোলনের আদলে নতুন করে গড়ে তুলেছেন।

সেনেট প্রার্থী বাছাই করলেন ট্রাম্প, খেসারত দিল রিপাবলিকানরা

মার্কিন সেনেটে টেক্সাসের রিপালিকান প্রার্থী কেন প্যাক্সটনকে আলিঙ্গন করছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Nov 2026, 04:12 PM

Updated : 04 Nov 2026, 04:12 PM

প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মার্কিন ভোটারদের অনুরোধ করেছিলেন, যেন তারা মনে করেন যে মধ্যবর্তী নির্বাচনের ব্যালট পেপারে তিনি নিজেই রয়েছেন; এর পাশাপাশি তিনি সেনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আসনের রিপাবলিকান প্রার্থীদের নিজেই বাছাই করে দিয়েছিলেন, কিন্তু ভোটাররা মঙ্গলবারের নির্বাচনে তাদের প্রত্যাখ্যান করেছেন।

সাউথ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও টেক্সাসে ট্রাম্পের সমর্থিত প্রার্থীরা সবাই পরাজিত হয়েছেন। মিশিগানেও ট্রাম্পের পছন্দের প্রার্থী রিপাবলিকান মাইক রজার্স ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী আবদুল এল-সাইয়েদের কাছে পরাজিত হয়েছেন।

এই পরাজয়গুলো মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে তুলে দিয়েছে আর ট্রাম্পের রাজনৈতিক ক্ষমতার সীমাবদ্ধতাকে স্পষ্ট করে তুলেছে।

Image

সাউথ ক্যারোলাইনায় মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছে মার্কিন সেনেটর ডারলাইন গ্রাহাম। ছবি: রয়টার্স

রয়টার্স লিখেছে, ট্রাম্প এক দশকেরও বেশি সময় ধরে রিপাবলিকান পার্টিকে তার ‘মেইক আমেরিকা গ্রেট অ্যাগেইন’ বা ‘মাগা’ আন্দোলনের আদলে নতুন করে গড়ে তুলেছেন। তিনি দলের প্রাথমারি নির্বাচনগুলোর গতিপথ নির্ধারণ করেছেন এবং যেসব রক্ষণশীল প্রভাবশালীদের আনুগত নিয়ে তার সন্দেহ ছিল কিংবা যারা তার দৃষ্টিভঙ্গীর সঙ্গে একমত ছিলেন না, তাদের সরিয়ে দিয়েছেন।

ট্রাম্প বারবার অঙ্গরাজ্যব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক এবং প্রমাণিত ধারাবাহিক নির্বাচনী রেকর্ড থাকা প্রতিষ্ঠিত রিপাবলিকানদের চেয়ে অনুগত ও আদর্শগত মিত্রদেরই বেশি প্রধান্য দিয়েছেন। এই মিত্ররা তার সমর্থনে তাদের রাজনৈতিক দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারবেন বলে বাজি ধরেছিলেন তিনি।

মঙ্গলবারের ভোটের ফলাফল থেকে স্পষ্ট যে তিনি ভোটারদের বৃহত্তর অংশকে নিজের পছন্দের প্রার্থীদের পক্ষে নিয়ে আসতে ব্যর্থ হয়েছেন।

রয়টার্স লিখেছে, সবচেয়ে বিস্ময়কর পরাজয়গুলোর একটি এসেছে সাউথ ক্যারোলাইনা থেকে। এই অঙ্গরাজ্যটি ১৯৯৮ সালের পর থেকে কোনো ডেমোক্র্যাটিক সেনেটর নির্বাচিত করেনি আর এখানে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প ১৮ শতাংশ পয়েন্টের ব্যবধানে জয়ী হয়েছিলেন।

এই অঙ্গরাজ্যে ট্রাম্প প্রয়াত রিপালিকান সেনেটর লিন্ডসে গ্রাহামের বোনা ডার্লিন গ্রাহামকে সমর্থন দিয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাট অ্যানি অ্যান্ড্রুস অবিশ্বাস্য অঘটন ঘটিয়ে এখানে জয়ী হয়েছেন।

নর্থ ক্যারোলাইনায় ট্রাম্প সাবেক জাতীয় রিপাবলিকান নির্বাচনী প্রচার কর্মকর্তা মাইকেল হোয়াটলিকে সমর্থন করেছিলেন, কিন্তু তিনি সাবেক ডেমোক্র্যাটিক গভর্নর রয় কুপারের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন।

Image

মিশিগানের এক জনসভায় রিপাবলিকান সেনেট প্রার্থী ও সাবেক মার্কিন প্রতিনিধি মাইক রজার্স প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করছেন। ছবি: রয়টার্স

টেক্সাসে, ট্রাম্প একটি বিশৃঙ্খল রিপাবলিকান প্রাইমারিতে হস্তক্ষেপ করেন এবং সেনেটর জন কর্নিনের চেয়ে কেলেঙ্কারিতে জড়িত অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে এগিয়ে নেন, যদিও কর্নিন ছিলেন ট্রাম্পের একজন মিত্র এবং দলের কেউ কেউ সাধারণ নির্বাচনে তাকেই নিরাপদ প্রার্থী হিসেবে বিবেচনা করেছিলেন।

ডেমোক্র্যাট জেমস ট্যালারিকো মঙ্গলবার রাতে অনায়াস জয় তুলে নেন, যা ডেমোক্র্যাটদের এমন একটি আসন এনে দেয় যেখানে দলটি ১৯৮৮ সালের পর থেকে আর কখনো জয়ী হতে পারেনি।

মিশিগানে ট্রাম্পের পছন্দের প্রার্থী সাবেক মার্কিন প্রতিনিধি মাইক রজার্স ডেমোক্র্যাট আব্দুল এল-সায়ীদের কাছে ধরাশায়ী হয়েছেন। মার্কিন সেনেটে দায়িত্ব পালন করা প্রথম মুসলিম হবেন এল-সায়ীদ।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস] এর জনমত জরিপ অনুযায়ী, মঙ্গলবার ভোটের আগে ট্রাম্পের জনপ্রিয়তা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার পরবর্তী সময়ের চেয়েও কম ছিল এবং এই পরিস্থিতির মধ্যেই এই পরাজয়গুলো এসেছে।

এটি রিপাবলিকানদের মধ্যে এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে যে, ট্রাম্প নিজের চারপাশে যে দলটিকে নতুন করে সাজিয়েছিলেন, এখন তিনি নিজেই সেই দলের জন্য একটি বড় বোঝা বা প্রতিবন্ধকতা হয়ে উঠেছেন।

উচ্চ শুল্ক আরোপ ও ইরানের যুদ্ধের কারণে সৃষ্ট মূল্যস্ফীতি নিয়ে ভোটারদের হতাশার দিকে ইঙ্গিত করে প্রবীণ রিপাবলিকান কৌশলবিদ ডগ হাই বলেন, "এটি একটি ট্রাম্প-কোয়েক (ট্রাম্প-ভূমিকম্প) ।"