১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

আলাস্কার সেনেট আসন জিতে আরও ভারী হল ডেমোক্র্যাটদের ঝুলি

বর্তমান রিপাবলিকান সেনেটর ড্যান সুলিভানকে পরাজিত করে রিপাবলিকান শিবিরে শেষ ধাক্কাটি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা।

আলাস্কার সেনেট আসন জিতে আরও ভারী হল ডেমোক্র্যাটদের ঝুলি

আলাস্কার নবনির্বাচিত ডেমোক্র্যাটিক দলীয় মার্কিন সেনেটর মেরি পেলটোলা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 18 Nov 2026, 05:34 PM

Updated : 18 Nov 2026, 05:34 PM

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির মধ্যে ফলাফল ঘোষণার অপেক্ষায় থাকা আলাস্কার সেনেট আসনটিতেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা।

বর্তমান রিপাবলিকান সেনেটর ড্যান সুলিভানকে পরাজিত করে রিপাবলিকান শিবিরে শেষ ধাক্কাটি দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মেরি পেলটোলা।

আলস্কার নির্বাচনে কারচুপির অভিযোগ নিয়েও ব্যাপক আলোচনা ছিল। তার মধ্যেই মঙ্গলবার রাতে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) পেলটোলাকে জয়ী ঘোষণা করে; জানিয়েছে আল জাজিরা।

এই নির্বাচনে রিপাবলিকান প্রার্থীর ভোট কাটতে ড্যান সুলিভান নামের আরেক ব্যক্তিকে ‘ডামি প্রার্থী’ হিসেবে দাঁড় করানোর অভিযোগ ওঠে পেলটোলার সহযোগীদের বিরুদ্ধে। এই নিয়ে তদন্তও চলছে। এই অভিযোগের কারণে লড়াইটি যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে ব্যাপক মনোযোগ কেড়েছিল।

তবে কথিত এই ‘ডামি’ প্রার্থী দেওয়ার পরিকল্পনার বিষয়ে কিছু জানতেন না বলে দাবি করেছেন পেলটোলা।

জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে পেলটোলা বলেন, “কর্পোরেট লোভের বিরুদ্ধে লড়াই, ব্যয় কমানো এবং আলাস্কাকে সবার আগে রাখার সংগ্রামে আলাস্কাবাসীর সমর্থন পাওয়ার চেয়ে বড় সম্মান আর কিছু হতে পারে না। ধন্যবাদ আলাস্কা। চলুন কাজ শুরু করি।”

সেনেট আসনের পাশাপাশি ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো আলাস্কার গভর্নর পদেও জয় পেয়েছেন একজন ডেমোক্র্যাট।

অঙ্গরাজ্যটির সাবেক আইনপ্রণেতা জোনাথন ক্রেইস-টমকিন্স মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট একজনসহ তিন রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে গভর্নর নির্বাচিত হয়েছেন।

তবে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের আলাস্কার আসনটির ফলাফল এখনো ঘোষণা হয়নি। প্রতিনিধি পরিষদের আসনে বর্তমান প্রতিনিধি রিপাবলিকান নিক বেগিচকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিল হিল।

চলতি বছরের মধ্যবর্তী নির্বাচনে আলাস্কার এই আসনটিই ছিল সর্বশেষ অমীমাংসিত সেনেট আসন। পেলটোলার জয়ের ফলে সেনেটের নিয়ন্ত্রণ ফিরে পাওয়া ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতা আরও বাড়ল।

পেলটোলার জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটরা মোট ৯টি সেনেট আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিল, যা ১৯৫৮ সালের পর সর্বোচ্চ।

এতে কংগ্রেসের উচ্চকক্ষ সেনেটে এখন ডেমোক্র্যাটদের আসন দাঁড়াল ৫৬টি, আর রিপাবলিকানদের ৪৪টি। নির্বাচনের আগে সেনেটে রিপাবলিকানদের ৫৩-৪৭ আসনের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

মেরি পেলটোলা এর আগে আলাস্কার একমাত্র প্রতিনিধি পরিষদ আসনটির সদস্য ছিলেন এবং তিনিই ছিলেন মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম আদিবাসী আলাস্কান।

এই নির্বাচন ঘিরে প্রচারণা শিবিরের বাইরের বিভিন্ন গোষ্ঠীর বিপুল অর্থ ব্যয় হয়েছে এবং প্রচারণা কখনো কখনো নেতিবাচক রূপ নেয়; উভয় শিবিরই পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলে।

বর্তমান রিপাবলিকান সেনেটরের প্রতি সমর্থন জানাতে নির্বাচনের আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পৃথকভাবে আলাস্কা সফর করেছিলেন।