২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পর চার সপ্তাহের প্যারোলে মুক্ত বাদল ফরাজী, পরিবার চায় স্থায়ী মুক্তি

ভারতের দিল্লির একটি আদালত হত্যা মামলায় বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 24 Nov 2026, 08:31 PM

Updated : 24 Nov 2026, 08:31 PM

ভারতের দিল্লিতে একটি হত্যা মামলায় দণ্ডিত বাংলাদেশি নাগরিক বাদল ফরাজী চার সপ্তাহের জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গ্রামের বাড়ি মোংলা পৌরসভার কুমারখালীতে পৌঁছান বাদল ফরাজী।

১৮ বছর পর বাদল বাড়িতে পৌঁছলে তার পরিবার কান্নায় ভেঙে পড়েন। তবে এই প্যারোলে মুক্তিতে খুশি হতে পারেনি পরিবার। তার স্থায়ী মুক্তির ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

বাদলকে সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে বাগেরহাট পুলিশের কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ। দুপুর সোয়া ২টায় কঠোর নিরাপত্তা ব্যবস্থায় প্রিজন ভ্যানে করে বাগেরহাট জেলা কারাগারে পৌঁছান বাদল ফরাজী।

বাদল ফরাজীর মা শেফালী বেগম বলেন, “আমি আমার ছেলের স্থায়ী মুক্তি চাই, যেন আমার ছেলে সারাজীবন আমার সঙ্গে থাকতে পারে। সরকারের কাছে আমার এটাই আবেদন। ওর বাবা মারা গেছে। আমি মৃত্যুর পথে। কখন মারা যাই বলতে পারি না। আমার ছেলেটার সামনে আমি মরতে চাই।”

বাদলের বড় বোন আকলিমা বেগম বলেন, “আমার মা অসুস্থ থাকার কারণে আমরা প্যারোলের জন্য আপিল করেছি, সেজন্য আমাদের এক মাসের প্যারোল দিয়েছে। আমরা সরকারের কাছে দাবি করি, আমার ভাইকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হোক।”

“অনেক আশা নিয়ে বন্দি বিনিময় চুক্তির আওতায় আমার ভাই এসেছে। সে কিন্তু ওই দেশের জেলে অনেক লেখাপড়া করছে। ২০০৮ সালে তাজমহল দেখতে গেছিল। তখন সে অষ্টম শ্রেণিতে পড়ত। বাংলা ছাড়া কোনো ভাষা জানত না। যেকোনো কারণেই হোক, মানের মিলের কারণে সে ফেঁসে গেছে।”

বাদল ফরাজী ছেলেবেলায় মোংলা সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজে পড়শোনা করতেন। সেই স্কুলের প্রধান শিক্ষক তালুকদার মো. জিয়াদ হোসেন বলেন, “বাদল ফরাজী একজন মেধাবী ছাত্র ছিলেন। তার রেজাল্ট ভালো ছিল। স্কুলের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সে অংশগ্রহণ করত।”

জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, “ভারত-বাংলাদেশ বন্দি স্থানান্তর চুক্তির আওতায় কাশিমপুর কারাগারে আটক দুজন বন্দি সাহেদুল আফজাল এবং বাদল ফরাজীকে ম্যাজিস্ট্রেট আদালত চার সপ্তাহের প্যারোলে মুক্তি দিয়েছে। পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে প্যারোলের যেসব শর্ত আছে তা পরিপালনের মাধ্যমে তারা মুক্তি ভোগ করবেন।”

ভারতের দিল্লির একটি আদালত হত্যা মামলায় বাদল ফরাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। প্রায় ১০ বছর ভারতের কারাগারে থাকার পর ২০১৮ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এর পর থেকে তিনি বাংলাদেশের কারাগারে বন্দি আছেন।