১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের কারাগারগুলোতে বাড়ছে বন্দি, বাড়তি সতর্কতা

কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত কারাগারগুলোতে মোট বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজার। এটাই দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 19 Nov 2026, 10:44 PM

Updated : 19 Nov 2026, 10:44 PM

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দেশের কারাগারগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।

দেশের ১৩টি কেন্দ্রীয় কারাগারসহ ৭৫টি কারাগারেই নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তথ্য দিয়েছেন কারা অধিদপ্তরের জেলার মাসুদ হাসান জুয়েল।

বর্তমানে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে দেশের আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তাদের হাতে প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফলে কারাগার গুলোতে বন্দির সংখ্যা প্রতিদিন বাড়ছে।

কারা অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত কারাগারগুলোতে মোট বন্দির সংখ্যা ১ লাখ ১৫ হাজার। এর আগে কখনো এত পরিমান বন্দি ছিল না বলে জানান কারা কর্মকর্তা জুয়েল। দেশের কারাগারগুলোর মোট ধারণ ক্ষমতা প্রায় ৪৫ হাজার।

গত এক সপ্তাহ আগে নেওয়া বিশেষ এই নিরাপত্তার কথা বর্ণনা করে তিনি বলেন, “সব বন্দির ব্যাপারে নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বন্দিদের বিষয়টি বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।”

গোয়েন্দা কার্যক্রম বাড়িয়ে দেওয়ার পাশাপাশি কারাগারগুলোতে হামলা হলে করণীয় কি তা সংশ্লিষ্টদের নিয়মিত ব্রিফিং করে বুঝিয়ে দেওয়ার কথাও বলেছেন তিনি। পাশাপাশি কারাগারের ভেতরে বন্দিদের মধ্যে কোনো অসন্তোষ দেখা দিলে কি করতে হবে সে ব্যাপারেও জানানো হচ্ছে বলে তিনি তথ্য দেন।

মাসুদ হাসান জুয়েল বলেন, “বর্তমানে সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। বিজিবি, আনসারের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছি আমরা।”

বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য সহায়তা নেওয়ার কথাও জানান তিনি।

জেলার জুয়েল বলেন, “পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম বেশি। সেখানে তাদের এবং যেখানে নৌবাহিনী বা কোস্টগার্ডের সাহায্য নেওয়া প্রয়োজন, সেখানে তাদের সহযোগিতা নেওয়ার বিষয়ে যোগাযোগ রেখে সেভাবেই আমরা কাজ করছি।”

সাম্প্রতিক সময়ে বন্দির সংখ্যা বেড়ে গেছে এবং ধারন ক্ষমতার চেয়ে প্রায় আড়াই গুণ বেশি বন্দি রয়েছে। এতে কারা কর্তৃপক্ষকে বেশি হিমশিম খেতে হচ্ছে বলেও স্বীকার করেন এই কর্মকর্তা।

কারা কর্মকর্তারা বলছেন, বর্তমানে প্রায় সাড়ে ১২ হাজার জনবল রয়েছে কারা অধিদপ্তরের অধীনে। এর মধ্যে প্রায় ১০ হাজারের মত কারারক্ষী, বাকিরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী।

এই দশ হাজার কারারক্ষীর মধ্যে প্রায় ১৫ শতাংশ নানা কারণে ছুটিতে বা অসুস্থ থাকেন। বাকি কারারক্ষীদের দিয়ে লক্ষাধিক বন্দিদের সামাল দিতে হয়।

কারা অধিদপ্তরের ডিআইজি পদমর্যাদার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “২০০৭- ০৮ সালের দিকে ২৪ হাজার জনবল নিয়োগের জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছিল সরকারকে। এই আঠার বছরে বিভিন্ন সময়ে আমাদের পরিবারে যুক্ত হয়েছে মাত্র ৫ হাজারের মত; যা অপ্রতুল।”

এসব কারণেই বর্তমানে বন্দির সংখ্যা বেড়ে যাওয়া এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা আর কয়েদিদের জেল ভেঙে পালানোর পূর্ব অভিজ্ঞতা থেকে নিরাপত্তার জন্য অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর বা সংস্থার সাহায্য নিতে হচ্ছে বলেন তিনি।