চট্টগ্রামে ‘উৎসবের’ ১২ হাজারের বেশি পণ্য মিলবে ফুডপ্যান্ডায়
“এই অংশীদারত্বের ফলে আমাদের সেবার পরিধি বাড়বে,” বলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্সের ডিরেক্টর তাবরেজ খান।
চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে পৌঁছে দিতে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডার সঙ্গে অংশীদারত্ব করেছে চট্টগ্রামের রিটেইল চেইন ‘উৎসব’।
এর ফলে চট্টগ্রামের বাসিন্দারা এখন ঘরে বসেই ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে পাঁচলাইশ ও হালিশহরে অবস্থিত ‘উৎসবে’র বড় দুটি আউটলেট থেকে ১২ হাজারের বেশি পণ্য অর্ডার করতে পারবেন।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ফুডপ্যান্ডা বলছে, এই দুই আউটলেট থেকে নিত্যপণ্যের পাশাপাশি তাজা শাকসবজি ও ফল, মাংস, মাছ, দুগ্ধজাত পণ্য, ডিম, রান্নার প্রয়োজনীয় সামগ্রী এবং হিমায়িত খাবার অর্ডার করা যাবে।
এছাড়া বেকারিপণ্য, ব্যক্তিগত পরিচর্যার সামগ্রী, প্রসাধনী, ইলেকট্রনিকস, স্টেশনারি, খেলনা এবং লাইফস্টাইল-সংক্রান্ত উপহারসামগ্রীও কিনতে পারবেন ক্রেতারা।
উৎসবের চেয়ারম্যান মাইনুল ইসলাম সোহেল বলেন, “এর ফলে ক্রেতাদের কেনাকাটা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক। একই সঙ্গে আরও বেশি ক্রেতাকে আমাদের সেবার আওতায় নিয়ে আসা এবং প্রয়োজনীয় পণ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হবে।”
ফুডপ্যান্ডা বাংলাদেশের কুইক কমার্সের (কিউ-কমার্স) ডিরেক্টর মোহাম্মদ তাবরেজ খান বলেন, “উৎসবের সঙ্গে এই অংশীদারত্বের ফলে আমাদের সেবার পরিধি বাড়বে, স্থানীয় ব্যবসায়ীরা উপকৃত হবেন এবং চট্টগ্রামের বাসিন্দারা আরও নির্ভরযোগ্য সেবা পাবেন।”
