১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

মৌলভীবাজারে ১ হাজার ৫১ কেজি চাল ও হাজার পদের তরকারিতে ‘অন্নকূট’ উৎসব

আয়োজকদের দাবি, উৎসবে ১৫ থেকে ২০ হাজারের বেশি ভক্ত ও অনুরাগী অংশ নেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Nov 2026, 06:13 PM

Updated : 10 Nov 2026, 06:13 PM

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এক হাজার ৫১ কেজি চাল এবং হাজারের বেশি পদের নিরামিষ তরকারি ও মিষ্টি দিয়ে তৈরি করা হয়েছে ভোগ।

সেই ভোগ শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন করে পালন করা হয়েছে গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব।

মঙ্গলবার উপজেলার উত্তরসুর এলাকায় শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রম ও মিশনে তৃতীয়বারের মতো এ উৎসবের করা হয় বলে জানিয়েছেন আশ্রমের প্রতিষ্ঠাতা বন্ধু প্রীতম ব্রহ্মচারী।

আয়োজকদের দাবি, উৎসবে ১৫ থেকে ২০ হাজারের বেশি ভক্ত ও অনুরাগী অংশ নেন।

সকাল থেকেই আশ্রম প্রাঙ্গণে ভক্তদের ভিড় বাড়তে থাকে। পূজা, কীর্তন ও আরতির মধ্য দিয়ে উৎসব শুরু হয়। পরে শ্রীকৃষ্ণের উদ্দেশে এক হাজার ৫১ কেজি চালের ভোগ এবং হাজারের বেশি পদের নিরামিষ তরকারি ও মিষ্টি নিবেদন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে দিলীপ কুমার বর্ধন বলেন, ভোগ নিবেদনের পর এক ঘণ্টা ভক্তদের তা ঘুরে দেখার সুযোগ দেওয়া হয়। এরপর সব খাবার একসঙ্গে মিশিয়ে উপস্থিত ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করা হয়।

উৎসবে আসা পূবালী ব্যাংকের ব্যবস্থাপক প্রণয় দেবনাথ বলেন, সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অন্নকূটের এত বড় আয়োজনের ভোগ দেখলেও পুণ্য হয়। এ কারণে প্রতিবছর এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটে। তারা ভোগ ঘুরে দেখেন।

আশ্রমের প্রতিষ্ঠাতা বন্ধু প্রীতম ব্রহ্মচারী বলেন, “হাজার হাজার বছর ধরে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এ উৎসব পালন করে আসছেন। দ্বাপর যুগে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলার স্মরণে অন্নকূট উৎসবের প্রচলন হয়।”

সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, গোবর্ধন পূজার সঙ্গে শ্রীকৃষ্ণের একটি কাহিনি জড়িয়ে আছে। কথিত আছে, ভালো বৃষ্টি ও ফসলের আশায় বৃন্দাবনের মানুষ দেবরাজ ইন্দ্রের পূজা করতেন। পরে শ্রীকৃষ্ণ তাদের ইন্দ্রের বদলে প্রকৃতি ও জীবিকার উৎস গোবর্ধন পর্বতের পূজা করতে বলেন।

এতে ইন্দ্র ক্ষুব্ধ হয়ে বৃন্দাবনে প্রবল বৃষ্টি শুরু করেন। তখন শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পর্বত তুলে ধরে সেখানকার মানুষকে বৃষ্টি থেকে রক্ষা করেন। পরে ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে বৃষ্টি বন্ধ করেন। সেই ঘটনা স্মরণে প্রতিবছর গোবর্ধন পূজা ও অন্নকূট উৎসব পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা।