অস্থিতিশীল করার প্রমাণ পেলে সিন্ডিকেটে তুলে চাকরি শেষ করে দেব: শাবি উপাচার্য
ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
ক্যাম্পাস অস্থিতিশীল করার জন্য কারও বিরুদ্ধে যখন প্রমাণ আসবে, সিন্ডিকেটে তুলে তার চাকরি শেষ করে দিবেন বলে বলেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম।
তিনি বলেছেন, “শুধু এটুকু বিনয়ের সঙ্গে বলতে চাই, এ বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল করার জন্য যে কোনো মানুষের বিরুদ্ধে আমার কাছে যখন প্রমাণ আসবে, এক সেকেন্ড লাগবে না, আমি সিন্ডিকেটে তুলে তার চাকরি এখান থেকে শেষ করে দেব।”
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ‘দেশব্যাপী ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের’ প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার নৈরাজ্যের বিরুদ্ধে, এ অবস্থান জানিয়ে দিয়েছি। বিশ্ববিদ্যালয় পরিবার যেকোনো ধরনের নৈরাজ্য প্রতিহত করার জন্য প্রস্তুত আছে। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চান, ভাইস চ্যান্সেলর হিসেবে আমি তা শক্ত হাতে প্রতিহত করব এবং দাঁতভাঙা জবাব দিয়ে দেব।”
তিনি বলেন, “কোনো শিক্ষক, সংগঠন, নিষিদ্ধ সংগঠন- সে যে দলেরই হোক, আমি তা কীভাবে প্রতিহত করতে হয়, তা এরই মধ্যে দেখিয়েছি। এ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির ব্যাপারে আমি ‘জিরো টলারেন্স’। সেটা আমি প্রমাণ করে দিয়েছি।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক জি এম রবিউল ইসলাম, ভৌতবিজ্ঞান অনুষদের ডিন আহমেদ কবির চৌধুরী, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক সাইফুল ইসলাম, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক সালমা আখতার, প্রক্টর মোখলেসুর রহমান, বিজয়-২৪ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক আ ফ ম জাকারিয়া, সৈয়দ মুজতবা আলী হলের প্রাধ্যক্ষ আশরাফ সিদ্দিকী, কেন্দ্রীয় গ্রন্থাগার প্রশাসক মিজানুর রহমান, গণিত বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
