ক্লডের সাহায্যে রিম্যান হাইপোথিসিস প্রমাণের দাবি গণিতবিদের
গণিতবিদ ডেভিড হিলবার্ট ১৯০০ সালে বিংশ শতাব্দীর জন্য যে ২৩টি গাণিতিক চ্যালেঞ্জ চিহ্নিত করেছিলেন, রিম্যান হাইপোথিসিস ছিল তার অন্যতম।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই মডেল ক্লড ব্যবহার করে গণিত জগতের সবচেয়ে বিখ্যাত অমীমাংসিত সমস্যাগুলোর একটি ‘রিম্যান হাইপোথিসিস’ প্রমাণ করার দাবি করেছেন মার্কিন এআই কোম্পানি অ্যানথ্রপিকের এক গণিতবিদ।
১৮৫৯ সালে জার্মানির গণিতবিদ বার্নহার্ড রিম্যান প্রথম এই অনুমান বা হাইপোথিসিসটি প্রস্তাব করেছিলেন। এতে বলা হয়েছে, সংখ্যারেখায় মৌলিক সংখ্যাগুলোর অবস্থান এলোমেলো নয়, বরং তা অর্থবহ নিয়ম বা শৃঙ্খলার মাধ্যমে নির্ধারিত।
গণিতবিদদের কাছে এই হাইপোথিসিস গুরুত্বপূর্ণ, কারণ এটা মৌলিক সংখ্যার বিন্যাসকে সুনির্দিষ্ট এক ছকের সঙ্গে যোগ করে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশস সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট।
গণিতবিদ ডেভিড হিলবার্ট ১৯০০ সালে বিংশ শতাব্দীর জন্য যে ২৩টি গাণিতিক চ্যালেঞ্জ চিহ্নিত করেছিলেন, রিম্যান হাইপোথিসিস ছিল তার অন্যতম।
২০০০ সালে ‘ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট’ ঘোষণা দিয়েছিল, কেউ এই অনুমান প্রমাণ করতে পারলে তাকে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।
শুক্রবার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা বিবৃতিতে অ্যানথ্রপিকের গবেষক ড. লেভেন্ট আলপোগে এই সাফল্যের দাবি করেছেন।
“ক্লডের সঙ্গে কাজ করে আমি রিম্যান হাইপোথিসিসের একটি প্রমাণ খুঁজে পেয়েছি বলে বিশ্বাস করি।
“এটাকে এই অনুমানের একটা শেষ মনে হওয়াটাই স্বাভাবিক, আমার কাছে যেন পথ দেখানো প্রধান আলোটা হারিয়ে যাওয়া। তবে সমাধানের পথে এগোতে গিয়ে আমি যা দেখেছি, তা আমাকে এতটাই অবাক করেছে যে, আমার মনে হয়, এটা গোটা বিজ্ঞান জগতে আরও বড় কিছুর নতুন ভোর।”
গাণিতিক যুক্তির নির্ভুলতা যাচাই করতে ব্যবহৃত কম্পিউটার কোড ‘লিন’-এ লেখা প্রমাণটির একটি সংস্করণও প্রকাশ করেছেন ড. আলপোগে।
কাজটি যথাযথভাবে কোড করা ও অনুমানটি সত্যিই প্রমাণিত হয়েছে কি না এখন বিশেষজ্ঞরা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।
‘হার্ভার্ড ইউনিভার্সিটি’ থেকে এমএ, ‘ইউনিভার্সিটি অফ কেমব্রিজ’ থেকে ‘মাস্টার অফ অ্যাডভান্সড স্টাডিজ’ ও ‘প্রিন্সটন ইউনিভার্সিটি’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন যুক্তরাষ্ট্র ও তুরস্কের দ্বৈত নাগরিক ড. আলপোগে।
এর আগে, গত জুলাইয়ে বীজগাণিতিক জ্যামিতির সুপরিচিত সমস্যা ‘জ্যাকোবিয়ান কনজেকচার’-এর একটি পাল্টা উদাহরণ ‘কাউন্টারএক্সাম্পল’ প্রকাশ করে তিনি শিরোনামে এসেছিলেন।
রিম্যান হাইপোথিসিস নিয়ে কাজের মতো ওই আবিষ্কারের ক্ষেত্রেও তিনি ‘ক্লড’ ব্যবহার করেছিলেন।
ওই সময় সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছিলেন, “হ্যালো, জ্যাকোবিয়ান কনজেকচার ভুল; এ বিষয়ে প্রশ্ন করার জন্য আমার ঘনিষ্ঠ বন্ধু অখিলকে ধন্যবাদ এবং বিশ্বকাপ ফাইনালের সময় কাজ করার জন্য আমার আরেক ঘনিষ্ঠ বন্ধু ফেইবলকেও ধন্যবাদ।”
শুক্রবার রিম্যান হাইপোথিসিস নিয়ে ড. আলপোগের দেওয়া বিবৃতিটি ছিল তুলনামূলকভাবে কিছুটা দীর্ঘ ও পাণ্ডিত্যপূর্ণ।
বিবৃতিতে তিনি লিখেছেন, “আমি আশা করি এই যুক্তিটি সামনে অপেক্ষা করা বিস্ময়কর সাফল্যগুলোর একটি ঝলক দেখাবে এবং সবচেয়ে সাধারণ বিষয়গুলোর ভেতরেও আমরা যে আনন্দ ও বিস্ময় খুঁজে পেতে যাচ্ছি, তা আমাদের উপলব্ধি করাবে।”
