২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবতাবিরোধী অপরাধ’: সাবেক এমপি মির্জা আজমকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির নির্দেশ

আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 04:07 PM

Updated : 22 Nov 2026, 04:07 PM

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় একই মামলায় আওয়ামী লীগের পলাতক সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক এমপি মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমুসহ ছয় নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার এ আদেশ দেন।

ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মামলায় আসামি সাতজন। তাদের মধ্যে গ্রেপ্তার ছয়জন হলেন- সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তাদের এদিন ট্রাইব্যুনালে হাজির করা হয়।

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান ও মার্জিনা রায়হান (মদিনা)।

শুনানিতে কৌঁসুলি আবদুস সাত্তার পালোয়ান বলেন, মির্জা আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী তার স্থায়ী ও অস্থায়ী ঠিকানায় গিয়েও সন্ধান পায়নি। এ কারণে পুলিশ নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) দিয়েছে।

তাকে হাজির করতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

শুনানি শেষে কৌঁসুলি গাজী এম এইচ তামীম সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটির (ঊর্ধ্বতন নেতৃত্বের দায়বদ্ধতা) দায়ে আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে মামলাটি চলছে। ছয়জন আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মির্জা আজমের বিষয়ে কৌঁসুলি তামীম বলেন, “তার বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। পুলিশ তাকে খুঁজে না পাওয়ার প্রতিবেদন দেওয়ার পর ট্রাইব্যুনাল সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন।”

তিনি বলেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের প্রমাণ ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। এরপরও মির্জা আজম হাজির না হলে তার পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে একজন আইনজীবী নিয়োগ করা হবে। ওই আইনজীবীর মাধ্যমে মামলার পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।

আগামী ৭ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে ২ নভেম্বর সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ৫ নভেম্বর আদালত অভিযোগ আমলে নিয়ে তাদের হাজির করার নির্দেশ দেন।

রাষ্ট্রপক্ষের অভিযোগ অনুযায়ী, জুলাই আন্দোলন দমনে নীতিনির্ধারণী পর্যায়ে এসব নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ১৪ দলীয় জোটের বৈঠকে আন্দোলন দমনে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ, কারফিউ জারি এবং সেই সুযোগে ‘হত্যাযজ্ঞের’ পরিকল্পনায় তারা যুক্ত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।