০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

'মানবতাবিরোধী অপরাধ': আমু, তৌফিক-ই-ইলাহীসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

“মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে এই আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 02 Nov 2026, 03:32 PM

Updated : 02 Nov 2026, 03:32 PM

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটে যাওয়া ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রাষ্ট্রপক্ষ থেকে সোমবার এই অভিযোগ দাখিল করা হয়।

মামলার অপর আসামিরা হলেন— সাবেক মন্ত্রী মুহাম্মদ ফারুক খান, শাজাহান খান, দীপু মনি, আব্দুর রাজ্জাক এবং সাবেক সংসদ সদস্য মির্জা আজম।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিদের মধ্যে মির্জা আজম গ্রেপ্তার হননি। বাকি ছয় আসামি বর্তমানে কারাগারে আছেন।

অভিযোগ দাখিলের পর কৌঁসুলি গাজী মোনাওয়ার হুসাইন তামীম সাংবাদিকদের বলেন, “জুলাই গণঅভ্যুত্থান চলাকালে তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪–দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল।

“মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি ও নীতিনির্ধারক হিসেবে এই আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন এবং পরামর্শ দিয়ে ভূমিকা রেখেছেন।”

এই কৌঁসুলি আরও বলেন, “এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে এক হাজার ৪০০ আন্দোলনকারী নিহত হয়েছেন। ২৫ হাজার আন্দোলনকারী আহত হয়েছে। এটাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ।”