২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান

দুদক বলেছে, ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানির বিরুদ্ধে টোল আদায়ে অনিয়মের অভিযোগ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Nov 2026, 09:10 PM

Updated : 22 Nov 2026, 09:10 PM

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ ও সরকারের রাজস্ব ফাঁকির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দুদকের প্রধান কার্যালয়ের তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম তেজগাঁও ও কুড়িল টোল প্লাজায় এ অভিযান চালায়।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে টোল আদায়ে অনিয়মের অভিযোগ রয়েছে। কোম্পানিটির বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করে টোলের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগ যাচাইয়ে কমিশনের অনুমোদন নিয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম।

অভিযানের সময় দুদক কর্মকর্তারা তেজগাঁও ও কুড়িল টোল প্লাজা সরেজমিনে পরিদর্শন করেন। তারা টোল আদায় ও যানবাহন চলাচলসংক্রান্ত তথ্য সংগ্রহ করেন।

দুদক বলেছে, প্রাথমিক পরিদর্শন ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে তাদের কাছে মনে হয়েছে, টোল প্লাজাগুলোতে যানবাহন গণনা এবং টোল আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে।

সরকারের প্রাপ্য রাজস্ব ফাঁকির অভিযোগ আরও যাচাই করতে সংশ্লিষ্ট রেকর্ডপত্র তলব করবে দুদক।

সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিত পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।